কলকাতা: আজ কলকাতায় নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর কিছুক্ষণ পরেই তিনি এসে পৌঁছবেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইতিমধ্যেই সাজো সাজো রব। প্রচুর মানুষ গোটা রাজ্য থেকে প্রচুর মানুষ এসে ব্রিগেডে ভিড় বাড়িয়েছে। সূত্রের খবর, দুপুর ১ টা ২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই ১ টা ৪৫ নাগাদ রেস কোর্সের হেলিপ্যাডে নামবেন তিনি। রেস কোর্সের হেলিপ্যাড থেকে নরেন্দ্র মোদি যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মোদি আসার আগেই ব্রিগেডের মঞ্চ থেকে পরিবর্তন যাত্রা নিয়ে বক্তব্য রেখে তৃণমূল সরকারকে বিঁধলেন সুকান্ত মজুমদার।

Continues below advertisement

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী সভা থেকে বক্তব্যে জানালেন, ''আজকের সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে আগামীর পথ দেখাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই অপশাসন কীভাবে দূর হবে। তার আগে মুখ্যমন্ত্রী গোটা কলকাতা জুড়ে গো ব্যাক মোদি পোস্টার লাগিয়েছেন। দিদি, আপনি যতই পোস্টার লাগান, বাংলার মানুষ আপনাকে গো ব্যাক জানাচ্ছেন। নরেন্দ্র মোদির জন্য হৃদয় ভরা ভালবাসা রয়েছে এখানকার মানুষের।''

SIR ইস্যুতে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসাকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ''মুখ্যমন্ত্রী এক বিশেষ সম্প্রদায়কে উস্কানি দিয়ে জানিয়েছিলেন যে সবাই এক হলে হিন্দুদের ধূলিসাৎ করে দেওয়া হবে। ছিঃ মুখ্যমন্ত্রী, আপনি তো সবাইকে ছাপিয়ে গেলেন। আমি আপনাকে জানাচ্ছি যে আমরা আপনার মত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে হাজার হাজার বছর ধরে লড়াই করছি। তাই আমরা টিকে আছি। এই লড়াই চলবেই। আপনাদের হাতে আর হয়ত চল্লিশ দিন সময় আছে, তার মধ্য়ে তৃণমূল কংগ্রেস নামক জঞ্জালকে সরিয়ে দিন।''

Continues below advertisement

এদিকে, সুকান্ত মজুমদার যখন ব্রিগেডের মঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন, তখনই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর। সংঘর্ষের মাঝে পড়ে আহত বউবাজার থানার ওসি। কাঁধে চোট পেয়েছেন তিনি। মন্ত্রী শশী পাঁজার বাড়িতে ইটবৃষ্টি ছোড়ার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের না কি প্রায় ৫০ জনকে আহত করে দেওয়া হয়েছে। তিনি নিজে আহত হয়েছেন বলে জানিয়েছেন শশী পাঁজা। তিনি বলছেন, ''গণমাধ্যম দেখুক, এরা সবাই গুণ্ডা। বাড়িতে বারবার আক্রমণ করা হচ্ছে। পুলিশ কর্মীদের বাজেভাবে মারা হয়েছে।''

আর কিছুক্ষণেই মধ্যেই ব্রিগেড সভায় বক্তব্য রাখতে উঠবেন নরেন্দ্র মোদি।