দিনহাটা, হাবরা ও মানবাজার : তোলাবাজি, কাটমানি বন্ধে কড়া বার্তা দিলেন একাধিক বিজেপি বিধায়ক। 'তোলা চাইলে কলার ধরে থানায় নিয়ে যেতে' বললেন হাবরার বিধায়ক। অন্যদিকে, কাটমানি বন্ধে সরাসরি অভিযোগ জানাতে বললেন দিনহাটার বিধায়ক। এর পাশাপাশি তোলাবাজির অভিযোগ নিতে মানবাজারে SDO দফতরে বসল ড্রপ বক্স।

Continues below advertisement

কী বললেন হাবরার বিধায়ক ?

হাবরার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল বলেন, "কিছু লোক বিভিন্নভাবে টাকা চাইছে। ১০০ টাকা, ৫০ টাকা। বিভিন্নভাবে টাকা চাইছে এবং বিধায়কের নাম করে। যদি মনে হয় আমাদের আশপাশে ঘুরছে, টাকা চাইছে, বুকের কলারটা ধরে সঙ্গে সঙ্গে তাকে থানায় নিয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে থানায় দিয়ে দেবেন। পুলিশ-প্রশাসনকে বলা আছে। বারে বারে বলা আছে। তারা সরকারটাকে ভালবাসে না। তারা দলটাকে-সরকারটাকে কালিমালিপ্ত করার জন্য ঘুরে বেড়াচ্ছে। তাই সকলকে অনুরোধ করছি এবং পুলিশ-প্রশাসনকে বলা আছে, আপনাদের মাধ্যমেও বলছি, এরকম অভিযোগ গেলে, কে কার লোক আপনার দেখার দরকার নেই, সঙ্গে সঙ্গে গ্রেফতার করুন এবং আইনগত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিন।"

Continues below advertisement

কী বললেন দিনহাটার বিধায়ক ? 

অন্যদিকে দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, "আবাস যোজনায় যারা ঘর পেয়েছেন বা বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা আপনারা পাবেন, প্রত্যেক বেনিফিসিয়ারির কাছে আমি আবেদন রাখছি, যদি কোনওরকম এরকম ঘটনা দেখতে পান চোখে বা কেউ আপনাকে প্রেসার করে বা আপনার কাছে যায়, কোনও সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য যদি কেউ কাটমানি নিতে চায় বা আবাস যোজনার নাম করে কেউ যদি কাটমানি চায় আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।"

এই পরিস্থিতিতে তোলাবাজির অভিযোগ নিতে মানবাজারে SDO দফতরে বসেছে ড্রপ বক্স। এ প্রসঙ্গে এক ব্যক্তি বলেন, "মানবাজার মহকুমার শাসকের দফতরে গিয়ে দেখলাম, একটা টিনের বাক্স রাখা আছে। সেখানে লেখা আছে, 'ঘুষ চাইলে এই বাক্সে জানান।' প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সাধারণ মানুষ হিসাবে আমরা খুবই খুশি।"

কয়েকদিন আগে তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় শাসকদলেরই একাংশের হাতে তিনি আক্রান্ত বলে অভিযোগ জানিয়েছিলেন ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওম। অভিযোগপত্রে বিধায়ক জানিয়েছিলেন, ডেবরা থানা থেকে সামান্য দূরে বচসায় জড়িয়ে পড়েছিলেন বেশকিছু বিজেপি কর্মী। এক পক্ষের বিজেপি কর্মী অপর পক্ষকে মারধর করছিলেন। সেইসময় তিনি বাধা দিতে যান। তখন তাঁকেও মারধর করা হয়। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীই তাঁকে উদ্ধার করেন বলে দাবি করেন বিধায়ক। অর্থাৎ নিরাপত্তারক্ষী না থাকলে তিনি আরও আক্রান্ত হতে পারতেন বলে আশঙ্কা করা হয়।