মালদা: দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন। মালদার ইংরেজবাজারে বিজেপি কর্মী সমীর ঘোষকে খুন করল দুষ্কৃতীরা। বিজেপি করার অপরাধে তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মমতা-তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করছেন পরিবারের তরফ থেকে। পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করে তৃণমূল। হামলার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। 

Continues below advertisement

মা দুর্গার বিদায়বেলায় ভয়াবহ খুনের অভিযোগ উঠল মালদায়। এক বিজেপি কর্মীকে প্রথমে কুপিয়ে খুন করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করতে ২ রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার রামকেলি এলাকায়। মৃত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ। 

এই ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল কর্মীদের দিকে তুলছেন মৃতর পরিবারের লোকেরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল। মৃত সমীর ঘোষ-এর ভাই জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বিজেপি করার জন্য সমীর ঘোষকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এই ভয়ে বাড়ি থেকেও নাকি বেরতেন না তিনি। কিন্তু দশমীর দিন ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ, বাড়িতে একা ছিলেন সমীর। সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে খুন করে তাঁকে। উল্লেখ্য, গত আগস্ট মাসে একই ভাবে খুন হতে হয় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে। দুষ্কৃতীরা ফিল্মি কায়দায় শ্যুটআউট করে কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে। অন্ধকারে রাস্তা আটকে পরপর গুলি। গাড়িতে থাকা বাবা-ছেলেকে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। নৃশংসভাবে খুন করা হল কংগ্রেসের নদিয়ার জেলা সহ সভাপতি আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমানকে। আর এই ঘটনা ঘিরেই ব্যাপক উত্তেজনা ছড়াল নদিয়ার নাকাশিপাড়ায়।  রাত ৯টা নাগাদ বেথুয়াডহরি থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন সপুত্র কংগ্রেস নেতা। পুলিশ সূত্রে দাবি, নাকাশিপাড়ায় বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে, নাগাদি রেলগেটের কাছে আগে থেকেই ওঁত পেতে ছিল দুষকৃতী দল। আন্ডার পাসের ঠিক বাইরেই দাঁড়িয়েছিল একটি কালো রঙের স্করপিও। প্রত্যক্ষদর্শীদের দাবি, কংগ্রেস নেতার গাড়ি আন্ডারপাস থেকে বেরোতেই আচমকা হামলা চালায় দুষকৃতীরা। কংগ্রেস নেতার গাড়ি লক্ষ্য করে ছুটে আসে এলোপাথাড়ি গুলি। রক্তাক্ত অবস্থায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে।

Continues below advertisement