গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বকখালিতে সমুদ্রস্নানে নেমে ভাটার টানে তলিয়ে যেতে থাকা এক পর্যটককে প্রায় ২০ মিনিটের চেষ্টায় উদ্ধার করলেন সিভিল ডিফেন্স কর্মীরা। গতকাল ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে। প্রশাসন সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা থেকে ৮ জনের একটি পর্যটক দল বকখালিতে বেড়াতে এসে সমুদ্রে নামে। সমুদ্র উত্তাল থাকায় বারবার মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কতা উপেক্ষা করে দলের সদস্য ৫৩ বছরের উদয় বৈরাগ্য গভীর জলে চলে যান। ভাটার টানে আচমকাই তিনি তলিয়ে যেতে থাকেন। প্রাণভয়ে চিৎকার শুরু করলে বিষয়টি নজরে আসে সিভিল ডিফেন্স কর্মীদের। উত্তাল সমুদ্রে ঝুঁকি নিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় তাঁকে উদ্ধার করে পাড়ে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

Continues below advertisement

২৮ দিন পর উদ্ধার মৎস্য ট্রলার

এদিকে, দীঘা মোহনার অদূরে প্রায় ২৮ দিন ধরে নিঁখোজ তামিলনাড়ুর মৎস্য ট্রলার। সেই ট্রলারের উদ্ধারকার্যে মৎস্যজীবী ও পুলিশ। দীঘায় প্রায় ২৮ দিন ধরে নিখোঁজ থাকার পর মোহনার অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় তামিলনাড়ুর একটি মৎস্য ট্রলারের সন্ধান মিলেছে। জানা গিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত অবস্থায় ট্রলারটি ভাসতে ভাসতে দীঘা উপকূলের কাছে চলে আসে। মৎসজীবী সূত্রে ইতিমধ্য়েই জানা গিয়েছে যে তামিলনাড়ুর 'মাতুয়ানামা' নামক ট্রলারটি মৎস্য শিকারে বেরিয়ে প্রায় ২৮ দিন ধরে নিখোঁজ ছিল। বুধবার দীঘা মোহনার মৎস্যজীবীরা সমুদ্রে মাছের শিকারে যাওয়ার সময় ট্রলারটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। জানা গিয়েছে ওই ট্রলারে মোট ৮ জন মৎস্যজীবী রয়েছেন। সূত্রের দাবি, সবাই সুস্থ রয়েছেন।

Continues below advertisement