কলকাতা: বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছে তৃণমূল। দল একেবারে খান খান হয়ে গিয়েছে। নির্বাচনের ফল বেরনোর পর থেকে সেভাবে দেখা যায়নি তাঁকে। এতদিন পর নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু। জানালেন, তৃণমূল হারার পর কোনও কষ্ট হয়নি তাঁর। বর্তমানে কোনও শিবিরেই নেই তিনি। (Bratya Basu)
শনিবার এবিপি আনন্দে মুখ খুলেছেন ব্রাত্য। ভোটের ফল বেরনোর পর থেকে কোথায় ছিলেন জানতে চাইলে বলেন, "আমি আমার থিয়েটার করছিলাম। আবার বাইরে যাব। শ্যুটিং আছে সামনে। লেখালেখি বেরিয়েছে। একটি সংবাদপত্রে অন্তত বেরিয়েছে। আপনারা হয়ত খেয়াল করেননি। আমি একটি সিরিজ লিখছিলাম। একটা পত্রিকা বেরিয়েছে আমার নাট্যপত্র। কিছু কাজ করছিলাম সাহিত্য অ্যাকাডেমির। ওয়র্কশপ, সেমিনার...দিল্লি গিয়েছিলাম।" (TMC News)
এসব তো মন্ত্রী থাকাকালীনও করতেন ব্রাত্য। ৪ তারিখের পর রাজনৈতিক কাজকর্ম, দল নিয়ে কী অবস্থান তাঁর? ব্রাত্য বলেন, "আমার দল কোনটা আমি ঠিক বুঝতে পারছি না। আমি এখন কোনও দলে নেই। আমার যেটা প্রাক্তন দল বলছেন, তিনটি দল হয়েছে।" তৃণমূলকে কি তাহলে অতীত বলছেন ব্রাত্য? তাঁর জবাব, "ওই দলটাই তো নেই, নামটাই তো নেই! সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব এখন নেই তো!"
অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে চলে গিয়েছেন। তিনি তাহলে কোন শিবিরে? তাঁকেও কি ঋতব্রত-তৃণমূলে দেখা যাবে? ব্রাত্য বলেন, "যদি হয় দেখতে পাবেন। কালীঘাট হলেও দেখতে পেতেন। এতদিন তো দেখতে পেরেন না। আমি কোনও দিকেই নেই। নিজের কাজ নিয়ে ছিলাম।"
আরও পড়ুন: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
তাহলে কি রাজনীতি থেকে দূরত্ব তৈরি করছেন ব্রাত্য? তাঁর বক্তব্য, "আমার আত্মসমীক্ষার প্রয়োজন ছিল। আপাতত সিনেমার কাজে ব্যস্ত। সামনেই রিলিজ করার কথা। লেখালেখি চলছে। থিয়েটার প্রডিউস করতে চাইছেন একজন। মিটিং হয়েছে।"
মমতার-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল, সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের NCPI, কোনও পক্ষেই তিনি নেই বলে জানিয়েছেন ব্রাত্য। দলের পরাজয় নিয়ে বলেন, "প্রথম কথা হচ্ছে, প্রথম চার-পাঁচদিন তেড়ে ঘুমালাম আমি। আমার মধ্যে একটা অদ্ভুত রিলিভড ফিল হচ্ছিল। আমার যে খুব কষ্ট হচ্ছিল, তা কিন্তু নয়। মনে হচ্ছিল, রিলিভড। এখন যেটা মনে হয়, আমার একটা এলাকা ছিল, নেই। অফিস ছিল, নেই।"
রাজ্যের নতুন সরকার, শুভেন্দু অধিকারীর পারফর্ম্যান্স নিয়ে জানতে চাইলে ব্রাত্য জানান, সবে সরকার এসেছে। এখনই অতিরিক্ত সমালোচনার কিছু নেই। সরকার নিজের কাজ করুক। যাঁরা সমালোচনা করার করবেন। তিনি এখন সাধারণ নাগরিক।
বিধানসভা নির্বাচনের পর পরাজিত বিধায়কদের নিয়ে ডাকা বৈঠকে শেষ বার কালীঘাট গিয়েছিলেন বলে জানিয়েছেন ব্রাত্য। মমতার সঙ্গেও আর কথা হয়নি তার পর থেকে। কথা হয়নি শুভেন্দুর সঙ্গেও। তবে মমতা বা শুভেন্দুর সঙ্গে কথা না হলেও, ঋতব্রতর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন ব্রাত্য। তবে ভবিষ্যৎ অনিশ্চিত বলে জানিয়েছেন তিনি। বলেন, "ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে হচ্ছে। কী করব জানি না। আগামী কাল নিয়ে ভাবতে চাইছি না। তৃণমূলেই যেতে হবে এমন কী কথা আছে? ২০০৯ সাল, ২০১০ সালেও জানতাম না ভোটে লড়তে হবে, মন্ত্রী হব। প্রশ্ন হওয়া উচিত, আমি আদৌ রাজনীতি করব কি না।"
