কলকাতা: বজবজে তেলের ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ। মেরামতির সময় বিপত্তি বাধে। তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে তেলের ট্যাঙ্কারটিতে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত অবস্থায় হাসপাতালে আরও এক জন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানিয়েছে, কাজ চলাকালীন বিপত্তি বাধে। বিস্ফোরণের শব্দে কেঁপে চারপাশ। (Budge Budge Oil Tanker Blast)
বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। সুভাষ উদ্যানে তেলের ট্যাঙ্কারে মেরামতি চলছিল। কাজ চলাকালীন হঠাৎই বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। কিন্তু সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি টিম। (Budge Budge News)
ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, পর পর বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আরও অনেক সামগ্রী। ঘটনাস্থলে ভিড় করেছেন অনেকে। উদ্বেগের ছাপ স্পষ্ট তাঁদের চেহারায়। যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেটি একটি গ্য়ারাজ বলে জানা গিয়েছে। তেলের ট্যাঙ্কারটি মেরামত করা হচ্ছিল। কী থেকে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের তীব্রতায় গ্যারাজটির ছাউনি উড়ে গিয়েছে। বিস্ফোরণের সময় গ্যারাজে ঝালাইয়ের কাজ চলছিল বলে খবর।
এর আগে, সম্প্রতি কলকাতার পাইকপাড়ায় সাত সকালে বিস্ফোরণ ঘটে। বন্ধ একটি ক্লাবের মধ্যে পর পর বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। সেই বিস্ফোরণের অভিঘাতে বাড়ির টিনের চাল উড়ে গিয়ে পড়ে পাশের বহুতলের ছাদে। বিস্ফোরণের ধাক্কায় পাশের বাড়ির টিনের ছাদও ভেঙে যায়। হাড়হিম করা বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ সামনে এলে শোরগোল পড়ে যায় সর্বত্র। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি।
সেই সময় স্থানীয়দের অভিযোগ ছিল, পরিত্যক্ত ওই বাড়িতে কেউ বোমা মজুত ছিল। সেই নিয়ে তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্লাবের সভাপতি শ্রাবণী বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন এলাকাবাসী। পাইকপাড়ায় পর পর বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। তবে এখনও অধরা অনেকে। স্থানীয়দের অভিযোগ, ওই ক্লাবের জমি নিয়ে বিবাদ রয়েছে। সেখানে নতুন নির্মাণের প্রচেষ্টা চলছে। ফলে গোটা ঘটনার নেপথ্যে ব্যক্তিস্বার্থ জড়িয়ে থাকতে পারে বলেও সন্দেহ অনেকের। সেই নিয়ে চর্চার মধ্যেই বজবজের গ্য়ারাজে বিস্ফোরণ ঘটল।
