কলকাতা: চলতি নাম 'গুন্ডাট্যাক্স'। আসলে তোলা। আর সেই টাকা না দেওয়ায় একবালপুরের ব্যবসায়ীর উপর হামলা। অভিযোগ ওই ব্যবসায়ীর থেকে ৫ লক্ষ টাকা তোলা চাওয়া হয়। ফোন করে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। ওই ব্যবসায়ী মারধর, হুমকি ফোন করার অভিযোগ করেছেন থানায়।
একবালপুর থানার অন্তর্গত ভূকৈলাশ রোডে ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ 'গুন্ডা ট্যাক্স' -এর নামে। আর সেই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। কয়েকদিন আগে এই ঘটনার সূত্রপাত হয়। জানা গিয়েছে, ভূকৈলাশ রোডে মহম্মদ শফিক নামের একজন ব্যবসায়ীর কাছ থেকে ২ থেকে ৩ জনের একটি দল ৫ লক্ষ টাকা চায়।
আরও জানা গিয়েছে, মহম্মদ শফিক ওই টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ, তারপর একদিন মহম্মদ শফিককে রাস্তায় ৩-৪ জন ঘিরে ফেলে। যে সব ব্যক্তি 'গুন্ডা ট্যাক্স' -এর নামে এই টাকা চেয়েছিল, তারাই ঘিরে ফেলে। অভিযোগ সেখানে তাঁকে মারধর করা হয় ও তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই ঘটনার পর একবালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
আরও পড়ুন: কলকাতা পুরসভার ভিতরে এবার জায়গা পেল সাভারকর, শ্যামপ্রসাদ, রানী লক্ষ্মীবাঈ সহ ৮ টি নতুন ছবি
পুলিশের তরফ থেকে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই ব্যবসায়ী অভিযুক্তদের আগে থেকেই চিনতেন। এ ছাড়াও পুলিশ সূত্রে খবর, মহম্মদ শফিক লিখিত অভিযোগ করেছেন যে 'গুন্ডা ট্যাক্স' -এর নাম করেই তাঁর থেকে ৫ লক্ষ টাকা চাওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করেছে একবালপুর থানার পুলিশ।
