কলকাতা: CAA- র শংসাপত্র পাওয়ার জন্য শুনানির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কিন্তু সেই শুনানিতে গিয়ে সমস্যায় মুখে পড়েছেন উত্তর ২৪ পরগনার শ্যামনগরের রাহুতা মণ্ডল পাড়ার পাল পরিবারের ৩ জন সদস্য। অভিযোগ, টিটাগড়ে শুনানিতে গিয়ে আধিকারিকদের দুর্ব্যবহার, হুমকির শিকার হয়েছেন তাঁরা। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
CAA-তে আবেদনকারী শান্ত্বনা পাল বলেন, 'MLA স্যারের সার্টিফিকেট নিয়ে গেছি, তার থেকেও বলছে যে, এটা দিয়ে কোন কাজ হবে না।' বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবার ঠাকুরনগরের মতুয়াবাড়িতে গিয়ে, CAA শংসাপত্র দেওয়া নিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।
কিন্তু অভিযোগ উঠছে, CAA শংসাপত্র পেতে কালঘাম ছুটছে আবেদনকারীদের। শ্যামনগরের রাহুতা মণ্ডল পাড়ার এসেছিলেন পাল পরিবার। তারা CAA-তে আবেদন করেছে। বাংলাদেশের নথি দেখালেও তাদের শুনানিতে নানাভাবে হয়রানি করা হচ্ছে।
২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে The Citizenship (Amendment) Act, পাস করিয়েছিল মোদি সরকার। ছাব্বিশের ভোটের আগে বিজেপির অন্যতম আশ্বাস ছিল বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের CAA সার্টিফিকেট দেওয়া। এমনকী, মুখ্যমন্ত্রী তার ডেডলাইনও বেঁধে দিয়েছেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, 'আড়াই লক্ষ পিটিশনার আছে এখনও অবধি। ৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সকলকে CAA-তে আমরা সার্টিফিকেট প্রদান করব।' অথচ সেই নাগরিকত্ব পেতে গিয়ে বিপাকে পড়েছেন উত্তর ২৪ পরগনার শ্যামনগরের রাহুতা মণ্ডল পাড়ার পাল পরিবারের ৩ জন।'
অখিল পাল বলেন, '৯০ দশকে বাংলাদেশের যশোর থেকে ভারতবর্ষে এসেছিলেন। মেয়ে শান্ত্বনা পাল ও মা মণি পাল- ২০০৭-২০০৮ সালে খুলনা থেকে এদেশে আসেন। এই ৩ জনের শুনানি পড়েছে টিটাগড়ে। আর সেখানে গিয়েও হয়রানির শিকার হতে হয়েছে তাদের'।
CAA-তে আবেদনকারী অখিল পাল বলেন, 'আমি যখন নথি দেখালাম, তখন প্রথমে বলছে তোমার বাংলাদেশে কী ডকুমেন্ট আছে? সেই হিসেবে আমি আমাদের জমির পরচাটা দেখালাম। দেখার সঙ্গে সঙ্গে উনি বললেন, এই পরচাটা ডুপ্লিকেট।'
এমনকি CAA-র শুনানিতে দেখা গেছে SIR-এর ছায়া। CAA-তে আবেদনকারী অখিল পাল বলেন, 'বলছে কি, তোমার বাবার নামে ভুল আছে। বাবার নামে বাংলার হালকা-পাতলা ভুল আছে। তার জন্য যে, এরকমভাবে হয়রানি করবে, সেটা আমরা বুঝতে পারিনি। বলছে তুমি ডুপ্লিকেট সার্টিফিকেট যেহেতু দেখিয়েছো বাংলাদেশের, সেহেতু তোমার নামে FIR করে থানায় ঢুকিয়ে দিতে পারি।'
কোথাও হুমকি, তো কোথাও উঠেছে দুর্ব্যবহারের অভিযোগ। CAA-তে আবেদনকারী শান্ত্বনা পাল বলেন, 'MLA স্যারের সার্টিফিকেট নিয়ে গেছি, তার থেকেও বলছে যে, এটা দিয়ে কোন কাজ হবে না। যার জন্য আমি কালকে হয়রানি হয়ে রাতে নতুন করে ফর্মফিলাপ করেছি। যাতে আমার অন্য কোথাও হিয়ারিং পড়ে। টিটাগড়ের এই অফিসারদের এই যে বাজে ব্যবহার, মানুষকে হয়রানি করা। কিন্তু এটা করা ঠিক হচ্ছে না।'
CAA-তে আবেদনকারী মণি পাল বলেন, 'ব্যবহার ভাল না। জঘন্য ব্যবহার খারাপ। বলে, বেশি কথা বললে, বের করে দেবে তোমাদের।' এমনকি CAA-র শুনানিতে DIB-র বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। CAA-তে আইনী সহায়তাকারী ঝন্টু মণ্ডল বলেন, 'DIB ভীষণ ভীষণ ডিস্টার্ব (বিরক্ত) করছে। দুপুর থেকে রাত পর্যন্ত বসিয়ে রাখছে, কোনও কাজ হচ্ছে না। রীতিমতো ভয় দেখানো হচ্ছে।'
DIB-র বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপি। বারাসাত বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, 'DIB নানারকম প্রশ্ন করছে, হয়রানি করছে, দেরি করছে। অভিযোগ এসেছে। আমি অবশ্যই কথা বলব। কমপ্লেন আসলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে।'
