কলকাতা: বিধানসভায় সই জাল মামলায় তদন্তে সহযোগিতার শর্ত দিয়ে বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ। সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।                                                  

১ মাসের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি বিচারপতি কৌশিক চন্দের। তদন্তে সহযোগিতা করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ হাইকোর্টের। ভোটে ভরাডুবির পর বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নিতে চিঠি দিয়েছিলেন অভিষেক। চিঠিতে একাধিক বিধায়কের সই জালের অভিযোগ।                                                         

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন ঘিরে রাজ্য সরকারকে নোটিস দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি বলেন, আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে এই বিষয়ে রাজ্য সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।                                    

আরও পড়ুন, 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর

তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়। তদন্তভার হাতে পাওয়ার পর সিআইডি একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের স্বার্থে তাঁকে নোটিসও পাঠানো হয়েছিল। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে এর আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সে সময় আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল। তবে এবার তিনি আরও এক ধাপ এগিয়ে মূল এফআইআর-টিই বাতিল করার আবেদন জানিয়েছেন।                                                                               

এরই মধ্যে বিচারপতি কৌশিক চন্দ স্বস্তি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্পষ্ট নির্দেশ, এক মাস তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।