কলকাতা: নিউটাউনে গৌরীমেলায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন তিনি বলেন, “আমি কথা দিচ্ছি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৬ লক্ষ গ্রুপের কয়েকলক্ষ মহিলা, তাঁদের অ্যাকাউন্টে, ইন্টারেস্ট সাবভেনশন, যা ৬ বছর আটকে ছিল, আড়াইশো কোটি টাকা পেয়ে যাবেন।”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই গৌরী মেলাকে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস নেওয়া হয়েছে। আগামী বছর আমরা ব্লকে ব্লকে এই মেলাকে প্রসারিত করার চেষ্টা করব। আমরা এই অল্প সময়ে সবটা পারিনি। এই দফতরের সঙ্গে মাননীয় পঞ্চায়েত মন্ত্রীর অধীন দফতর, বিকশিত ভারত জি রাম জি একসঙ্গে কাজ করবে। আর নিউটাউনের এই গৌরী মেলা ২৩ নভেম্বর থেকে, ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। আমাদের 'এসএইচজি গ্রুপ' যা এই দফতরের সঙ্গে যুক্ত তাঁদের জন্য একটি সুখবর, গত ৬ বছর ইন্টারেস্ট সাবভেনশনে, ভারত সরকার থেকে টাকা আনতে পারেনি বিগত সরকার, আমরা ৬ লক্ষ গ্রুপের জন্য, আড়াইশো কোটি টাকা এনেছি। ইতিমধ্যেই আড়াই লক্ষ গ্রুপকে, ভেরিফিকেশনের পরে, আমরা প্রায় দেড়শো কোটি টাকা ট্রান্সফার করেছি। এবং আমি কথা দিচ্ছি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৬ লক্ষ গ্রুপের কয়েকলক্ষ মহিলা, তাঁদের অ্যাকাউন্টে, ইন্টারেস্ট সাবভেনশন, যা ৬ বছর আটকে ছিল, আড়াইশো কোটি টাকা পেয়ে যাবেন। এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। যথা সময়ে ঋণ নিয়ে, ঋণ পরিশোধ করার, পুরস্কার স্বরূপ, মাননীয় প্রধানমন্ত্রী মোদি, তার ভারত সরকারের কাছে প্রাপ্ত অর্থ, আপনাদের কাছে নতুন সরকার পৌঁছে দিচ্ছে। এর থেকে আমাদের আর বড় প্রাপ্তি হতে পারে না।'
