কলকাতা: প্রথম জয়ের ইঙ্গিত পেয়েছিলেন এই মন্দির থেকেই, শপথ নেওয়ার দিনই কালীঘাটে পুজো দিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ বেলার দিকে, ব্রিগেডে কার্যত ইতিহাস রচনা হল। নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah) ও অন্যান্য একাধিক বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নিলেন, শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি শাসিত সরকার গঠিত হল, এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই তিনি একাধিক মিটিং সারেন। এরপরে তিনি যান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ও তারপরে চলে যান, ভারত সেবাশ্রমে। এরপরেই তিনি চলে যান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে। তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। এরপরে তিনি কালীঘাটে গিয়ে মা কালীর মন্দিরে পুজো দেন। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার জন্য যখন সাংবাদিকরা বুম বাড়িয়ে দিলে, মুখ্যমন্ত্রী বলেন, 'বাইট নয়, প্রসাদ..', এই বলে তিনি সাংবাদিকদের হাতে প্রসাদ তুলে দিলেন।

Continues below advertisement

কালীঘাট থেকেই পেয়েছিলেন জয়ের ইঙ্গিত?

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে, এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, তিনি নির্বাচনে লড়াইয়ের সময়েই জানতেন, জয় আসবে। এই প্রথমবার ভারতে সরকার গড়তে চলেছে বিজেপি। আর ভবানীপুর থেকে তিনিই জয়ী হচ্ছেন। এই ইঙ্গিত নাকি শুভেন্দুকে দিয়েছিলেন, স্বয়ং মা কালী! শুভেন্দু অধিকারী জানান, তিনি নির্বাচনে লড়ার সময়ে, কালীঘাটের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেই সময়ে, তিনি যখন মা কালীর গর্ভগৃহে ঢুুকে প্রণাম করছেন, সেই সময়েই মা কালীর পা থেকে একটি পদ্মফুল এসে পড়ে শুভেন্দুর হাতে। সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রীর বিশ্বাস, সেইদিনই মা কালী ইঙ্গিত দিয়েছিলেন যে, বাংলায় এবার পদ্ম ফুটবে। সেই বিশ্বাসে ভর করেই, শুভেন্দু অধিকারী লড়াই করেছেন নির্বাচনে। জয়লাভ ও করেছেন। আজ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও, তিনি ভবানীপুর না নন্দীগ্রাম, কোন কেন্দ্রের দায়িত্ব নেবেন, তা এখনও স্পষ্ট হয়নি। 

Continues below advertisement

আরও পড়ুন: Rudranil Ghosh: বিজেপির শপথগ্রহণের দিনটি টলিউড নিয়ে বড় বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ!

 

ভারত সেবাশ্রম সংঘে গিয়ে কী বার্তা শুভেন্দুর?

শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘে যান । সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান । বেরিয়ে সাংবাদিকদের শুভেন্দু বলেন, 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি ও স্বামী প্রণবানন্দের ভারত সেবাশ্রম সংঘের এই আন্তর্জাতিক হেডকোয়ার্টারে এলাম । এখানে এসে প্রভুর শয়নকক্ষে মাথা ঠেকালাম । মহারাজদের আশীর্বাদ নিলাম । দিলীপ মহারাজ, কার্তিক মহারাজরা ছিলেন । অনেক বিধায়ক সঙ্গে এসেছিলেন । পশ্চিমবঙ্গে গণতন্ত্র ও রাষ্ট্রবাদ গঠন করার ক্ষেত্রে বিরাট লড়াই ছিল । লক্ষ লক্ষ কণ্ঠে গীতাপাঠ থেকে শুরু করে নানারকম কাজ এঁরা করেছেন । এই জাগরণ যে ঘটেছে, রাষ্ট্রবাদী নাগরিকরা যে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়েছেন, এক্ষেত্রে স্বামী প্রণবানন্দের আদর্শ মেনে চলা ভারত সেবাশ্রম সংঘের সক্রিয় একটা আশীর্বাদ আমাদের সঙ্গে ছিল ।' তিনি আরও বলেন, 'আমার সঙ্গে এই আশ্রমের সম্পর্ক ২০১৩ সাল থেকে । দিলীপ মহারাজের আমি অত্যন্ত গুণগ্রাহী । কার্তিক মহারাজকে আমি নিজের অভিভাবক মানি, পরামর্শদাতা মানি ।'