কলকাতা: প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে রাজ্যে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর। ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিন। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে একমাস ব্যাপী সেবামূলক কর্মসূচির পরিকল্পনা করেছে বিজেপি। যার নাম দেওয়া হয়েছে , 'সেবা সম্পর্ক অভিযান।'
আরও পড়ুন, "আপনাদের প্রশাসন কি এতই দুর্বল?", প্রশান্ত বর্মন-মামলায় রাজ্য সরকারকে প্রশ্ন হাইকোর্টের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গুজরাতের মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে, তার এই যে লম্বা কার্যকাল, এটাকে আমরা মর্যাদার সঙ্গে, পালন করার জন্য, অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গ সরকারও সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী ১৭ তারিখে আমাদের পূর্ব ঘোষিত, অন্নপূর্ণা দিবস প্রোগ্রামের পাশাপাশি, সূর্যাস্তের পরে, আশীর্বাদকী দিয়া প্রোগ্রাম অর্থাৎ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, এই কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গজুড়ে পালিত হবে। আমরা পশ্চিমবঙ্গে অন্তত, এক কোটির বেশি পরিবার, সেখানে আমরা দ্বীপ প্রজ্জলন করার জন্য..বা তারও বেশি সংখ্যা হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কলকাতাতে মূল প্রোগ্রাম গঙ্গা তীরবর্তী এলাকাতে, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে হবে। ভিক্টোরিয়া সহ নবান্ন সহ রাইটার্স সহ, সরকারি দফতর এবং ঐতিহ্যশালী দফতর, কালীঘাট মন্দির সহ, বিভিন্ন আস্থার জায়গা, সেগুলি প্রদীপ দিয়ে, সাজানোর কর্মসূচি আমরা নিয়েছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলকে, ৮০ হাজারের বেশি স্কুলকে যুক্ত করা হয়েছে।.. আমাদের যারা বিদ্যার্থী আছেন, তাঁদের স্বপ্নের ভারত কেমন হওয়া উচিত, ২০৪৭ এর বিকশিত ভারত, তাঁকে সামনে রেখে ড্রয়িং, ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক, রাইট আপ, নানা ধরণের কর্মসূচি, আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এর বাইরেও নম সেবাগাথা, অঙ্গন কা উৎসব, কাহানী বদলাও কি, অর্থাৎ বিভিন্ন পরিবার, যারা প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন, শৌচালয় পেয়েছেন, জলজীবন মিশনের জল পেয়েছেন, প্রধানমন্ত্রী সূর্যঘর পেয়েছেন, আয়ুষ্মান ভারতে সম্প্রতি যুক্ত হয়েছেন, এছাড়াও পিএম কিষাণ সম্মাননিধি সহ, একাধিক কর্মসূচিতে যুক্ত হয়ে, তাঁদের পরিবারের এবং তাঁদের নিত্যদিনের, জীবন যাপনের ক্ষেত্রে, সামাজিক অর্থনৈতিক কী পরিবর্তন ঘটেছে, সেটাও আমাদের এই কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা, এই প্রোগ্রামও নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায়, আমাদের এই উপলক্ষে সাইকেল ব়্যালি, বাইক ব়্যালি, পদযাত্রা, নানা ধরণের প্রোগ্রাম নেওয়া হয়েছে।'
১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিন। ৭৭ বছরে পা দিতে চলেছেন প্রধানমন্ত্রী। আর সেই দিন থেকে দেশজুড়ে এক মাসের কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। নাম দেওয়া হয়েছে - সেবা সম্পর্ক অভিযান। এই এক মাস নিজ নিজ এলাকায় বিশেষ কর্মসূচির আয়োজন করতে হবে বিধায়ক, সাংসদ ও দলের পদাধিকারীদের। তথ্যকেন্দ্র চালুর পাশাপাশি, প্রদর্শনীর আয়োজন, হাসপাতালে রোগীদের ফল বিতরণ, দরিদ্র পড়ুয়াদের বই বিতরণের মতো বিভিন্ন কর্মসূচি নিতে পারবেন নেতা-নেত্রীরা।
