কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর হল অ্য়াকশন। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের একাধিক বিতর্কিত দেওয়াল লিখন মুছে ফেলল কর্তৃপক্ষ। যাদবপুরের ক্যাম্পাসে বিতর্কিত দেওয়াল লিখন মুছতেই ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বললেন, "আরও অনেক কিছু মোছা হবে।"
আরও পড়ুন, “পোর্টালের সমস্যার সমাধান মিলেছে, টাকা সবই পেমেন্ট হয়ে গিয়েছে”, বড় বার্তা মুখ্যমন্ত্রীর
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, 'মোছা অনেক আগেই উচিত ছিল। অতয়েব বিলম্বে বোধদয়। আপনারা সবাই দৃষ্টি আকর্ষণ করেছেন। আমিও , যাদবপুরের উপাচার্য, রেজিস্ট্রার, যারা দেখেন যাদবপুর, তাঁদের বলেছি। অভিযোগ যেটা এসেছিল, প্রমাণিত হয়েছে। এই স্লোগানগুলি কি দেশের পক্ষে ? শিক্ষার স্বার্থে ছিল ? ফ্রি প্যালেস্তাইন কী ? এখানে কী ? ফ্রি POK লিখতে হত। রেড স্যালুট কিষেণজি !? যেখানে দাঁড়িয়ে আছেন,কত লোককে মেরেছে জানেন ? খুন করেছে। কত নিরপরাধ লোককে মেরেছে। একটা পুরো জ্ঞানেশ্বরী..একদিনে উড়িয়ে দিয়েছে একটা ট্রেনকে… ১০৯ জনকে। তারপরে আপনি বলবেন, আমি মুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী থাকব, তারপরে আপনি লিখবেন রেড স্যালুট কিষেণজি ? কাশ্মীর মাঙ্গে আজাদি ?...এরপরে আরও কিছু হবে। অনেক কিছু মোছা হবে।'
বাম পরিচালিত ছাত্র সংগঠন ও RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংঘাতের জেরে, ১৯ অগাস্ট রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। পরের দিন মিছিল, পাল্টা মিছিলেও উত্তপ্ত হয় পরিস্থিতি।এই প্রেক্ষাপটেই যাদবপুর বিশ্ববিদ্য়ালয় প্রসঙ্গে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেওয়াল লিখনের একাধিক ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, আর্টস বিভাগের বয়েস হস্টেলে আপত্তিকর, রাষ্ট্রবিরোধী দেওয়াল লিখনের বিষয়ে রিপোর্ট মিলেছে। কোনও পরিস্থিতিতেই সেই জায়গাকে দেশবিরোধী ভাবনা প্রচারের জন্য় ব্য়বহার করার সুযোগ দেওয়া হবে না। এই বার্তার পরই বিশ্ববিদ্য়ালয় চত্বরে দেখা গেল দেওয়াল লিখন মোছার এই দৃশ্য। পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন,'দেশবিরোধী স্লোগান আমরা ভারতের কোথাও রাখতে দেব না। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মতো স্বনামধন্য বিশ্ববিদ্য়ালয় সেই বিশ্ববিদ্য়ালয়ের মধ্য়ে এখন কাশ্মীরকে আজাদি দাও, ৩৭০ ফিরিয়ে নাও, একে জুতো মারো, ওকে জুতো মারো এই ধরনের স্লোগান। দেশবিরোধী স্লোগান, মনোভাব, যেটা এতদিন ধরে নিজের রাজনৈতিক লাভের জন্য় অনেক পার্টি মদত দিয়েছে, সেটা আমরা করতে দেব না।' স্বাভাবিকভাবেই দেওয়াল মোছার বিরোধিতা করেছে SFI. SFI রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ক্রমাগত যে সব কার্যকলাপ প্রশাসনিকভাবে হচ্ছে, তা খুবই শিশুসুলভ। এই যে দেওয়াল মুছে দেওয়া, আরে দেওয়াল মুছলে কি ইতিহাস মোছা যায়? দেওয়াল মুছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিসর, মুক্ত চিন্তার পরিবেশ, সেই পরিবেশ কি মোছা যাবে? আমি আবারও মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, এসব হাওয়া গরম করার কাজকর্ম করে লাভ নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল বলেন,'এটা কোনও নতুন ঘটনা নয়। এর আগেও বিতর্কিত গ্রাফিতি মোছা হয়েছে। পরশু দিনেই উপাচার্য বলেছিলেন সেই অনুযায়ী মোছা হয়েছে। সেই অনুযায়ী চলছে। আমাদের চোখের সামনেই যতগুলি পড়েছে, স্টাফদের বলা হয়েছে। মুখ্য়মন্ত্রী বলেছেন, উপাচার্যের কাছে সেই নির্দেশ ছিল বা কথা বলেছেন। আগেও করেছি। বিতর্কিত বিষয় থাকলে সেটা মোছা হয়।' সব মিলিয়ে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনৈতিক বিতর্ক থামছে না।
