কলকাতা: কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিটে বুকস্টল ঘিরে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অস্থায়ী বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘাতে জড়াল বাম ছাত্র সংগঠন SFI। পুলিশের বিরুদ্ধে বুকস্টল তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে কলেজ স্ট্রিটে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন সংগঠনের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরে SFI-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ একাধিক কর্মীকে আটক করে পুলিশ।

Continues below advertisement

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। SFI সদস্যদের দাবি, প্রতি বছর নভেম্বর মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অস্থায়ী স্টল তৈরি করে বিভিন্ন ধরনের বই বিক্রি করেন তাঁরা। গত চার বছর ধরেই এই কর্মসূচি চলছে। সেই ধারাবাহিকতায় এ বছরও ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বই বিক্রির আয়োজন করা হয়েছিল। মহাবোধি সোসাইটি হলের সামনে ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে এই মিনি বইমেলার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে।

সংগঠনের সদস্যদের দাবি, বুকস্টল তৈরির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল জোড়াসাঁকো থানা এবং কলকাতা পুরসভার কাছ থেকে। কিন্তু সোমবার সন্ধ্যায় স্টল তৈরির কাজ শুরু করতেই পুলিশ বাধা দেয়। পুলিশের তরফে জানানো হয়, ফুটপাত আটকে অস্থায়ী দোকান বসানোর অনুমতি নেই। পাশাপাশি কলেজ স্ট্রিটের মতো ব্যস্ত রাস্তায় স্টল বসালে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে বলেও প্রশাসনের বক্তব্য।

Continues below advertisement

এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। SFI-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে পুলিশের সঙ্গে কথা বলে পরিস্থিতি মেটানোর চেষ্টা করেন বলে সংগঠনের সদস্যদের দাবি। কিন্তু শেষ পর্যন্ত স্টল বসানোর অনুমতি না মেলায় মঙ্গলবার সকালে ফের জমায়েত করেন ছাত্রছাত্রীরা।

এরপর অভিনব প্রতিবাদের পথ বেছে নেন তাঁরা। রাস্তার উপর ব্যানার পেতে তার উপর বই সাজিয়ে বসে পড়েন SFI কর্মীরা। তাঁদের বক্তব্য, নির্দিষ্ট জায়গায় বইয়ের স্টল করতে না দিলে রাস্তায় বসেই বই বিক্রি করবেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ স্ট্রিটের ব্যস্ত এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আটকে পড়েন বহু যাত্রী ও পথচারী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বারবার অবরোধ তুলে নেওয়ার আবেদন জানায়। কিন্তু আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় থাকেন। এরপর পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একাধিক SFI কর্মীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁদের মধ্যে রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-ও রয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন।

এদিকে, এই ঘটনার পিছনে প্রশাসনিক বাধা ও অনুমতি সংক্রান্ত প্রশ্ন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। SFI-এর বক্তব্য, গত চার বছর ধরে একই জায়গায় বই বিক্রির কর্মসূচি হলেও এবার কেন বাধা দেওয়া হচ্ছে, তার জবাব দিতে হবে প্রশাসনকে। অন্যদিকে পুলিশের বক্তব্য, কলেজ স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় অনুমতিহীনভাবে স্টল বসানো এবং যান চলাচলে বিঘ্ন ঘটানো বরদাস্ত করা যায় না।

উল্লেখ্য, দুর্গাপুজোর সময় থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থী দলগুলির বইয়ের স্টল ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। একাধিক জায়গায় স্টল ভাঙচুর ও বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। সেই আবহেই এবার কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়া কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টল ঘিরে এই সংঘাত নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রে উঠে এল।