কলকাতা: বুক স্টলকে ঘিরে ফের উত্তপ্ত বইপাড়া কলেজ স্ট্রিট। SFI-এর বুক স্টলে গিয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্য়ান বিমান বসু। তাঁকে দেখে 'গো ব্যাক' স্লোগান দেয় বিজেপি-র অভিভাবক সংস্থা RSS-এর ছাত্রসংগঠন ABVP. (Biman Bose)
বুধবার দুপুরে কলেজ স্ট্রিটে SFI-এর বুক স্টলে পৌঁছন বিমানে। সেখানে পৌঁছন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। স্টল ঘুরে দেখেন তাঁরা। সেখানে, বুক স্টলে হামলার ঘটনার নিন্দা করেন বিমান। বিমান যখন কথা বলছেন, সেই সময়ই ABVP-র বুক স্টল থেকে স্লোগান তোলা হয়। (ABVP Targets Biman Bose)
আরও পড়ুন: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
এর পর বিমান গাড়িতে উঠতে গেলে, একেবারে সামনে পৌঁছে যান ABVP সমর্থকরা। সেখানে তাঁর বিরুদ্ধে স্লোগান তোলা হয়। হাততালি দিতে দিতে বলা হয়, 'গো ব্যাক, গো ব্যাক, বিমান বসু গো ব্যাক', 'পালিয়েছে, পালিয়েছে, বিমান বোস পালিয়েছে'।
ABVP-র আচরণ নিয়ে প্রশ্ন করলে বিমান বলেন, "গো ব্যাক...আমি তো এখানে থাকতে আসিনি! গো ব্যাক বলার দরকার কী! বই বিক্রি করতেও আসিনি আমি। আমার মিটিং আছে। এখনই যেতে হবে।"
গত কাল থেকেই বইপাড়ার পরিস্থিতি উত্তপ্ত। বুধবার সকাল থেকে আরও তেতে উঠছিল পরিস্থিতি। SFI-এর পাল্টা সেখানে বুক স্টল বসানোর চেষ্টা করে ABVP. সেই নিয়ে পরিস্থিতি চরমে ওঠে। মুখোমুখি অবস্থান করে SFI এবং ABVP. হাতাহাতির উপক্রম হয়। ABVP-র তরফে 'বন্দেমাতরম', 'ভারত মাতা কি জয়', 'লেনিনবাদ চলে না' স্লোগান তোলা হয়।
একটা সময় পর দেখা যায়, রাস্তার দিকে SFI, অন্য দিকে ABVP, আর মাঝে পুলিশ। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তিও বেধে যায়। রাস্তায় বসে বিক্ষোভ দেখায় ABVP. ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা ছড়ায়। গার্ড রেল ভেঙে দেওয়া হয়। ছিঁড়ে দেওয়া হয় SFI-এর ব্যানার। SFI-এর বুক স্টলের দিকে এগিয়ে যায় ABVP. কাঠ দিয়ে তৈরি কাঠামো তুলে নিয়ে যায়।
SFI-এর অভিযোগ, মঙ্গলবার এখানেই তাঁদের বুকস্টল তৈরিতে বাধা দেয় পুলিশ। এরপর SFI সমর্থকরা রাস্তায় বসেই বই বিক্রি শুরু করলে শুরু হয় ব্যাপক ধরপাকড়। বুধবার একই জায়গায় ফের বুকস্টল বসান তাঁরা। SFI-এর দাবি, জয়েন্ট CP-র অনুমতি নিয়েই তাঁরা বুকস্টল দিয়েছেন। কিন্তু সেই সময় ABVP-র সমর্থকরা এসে দাবি করেন, ওই জায়গাতেই বুকস্টল বসানোর কথা তাঁদের। তার পরেই কার্যত হাতাহাতি জড়িয়ে পড়েন দুই ছাত্র সংগঠনের সদস্যরা।
