ভুবনেশ্বর : ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান। কিন্তু এখনই কাটছে না দুর্যোগের প্রভাব। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টিপাত চলবে গোটা দিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঝড়ের তীব্রতা কমলেও, ওড়িশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর-পূর্বের কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) । আবহাওয়া দফতর বলছে, 'আকভান' শুক্রবার ভোরেই দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তারপর তা প্রবেশ করে স্থলভাগে।
ভারতীয় সময় সকাল ৭:৩০ থেকে ৮:৩০-এর মধ্যে গোপালপুরের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০-৮০ কিমি এবং দমকা হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিমি পর্যন্ত। সকাল ১১:৩০ নাগাদ, এটি আরও দুর্বল হয়ে গোপালপুরের প্রায় ৪০ কিমি উত্তরে কেন্দ্র করে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়। ওড়িশার রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, রাজ্যের ময়ূরভঞ্জ এবং বালেশ্বর জেলাকে রেড জোনে রাখা হয়েছে। সেই সঙ্গে বড়সড় দুর্যোগের মুখে পড়তে পারে ওড়িশার বালেশ্বরও। জারি রয়েছে লাল সতর্কতা। এছাড়া ওড়িশার কেওনঝর, ভদ্রক, জাজপুর, ঢেঙ্কানাল, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুর, নয়গড়, কটক, খোরধা, পুরী, কান্ধামাল, গজপতিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও ২১ নভেম্বর বিভিন্ন বিমানবন্দরে উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে এবং একাধিক বিমান বাতিল করা হয়েছে। রাঁচি (বিরসা মুন্ডা বিমানবন্দর) থেকে প্রতিকূল আবহাওয়ার জন্য মোট ১৪টি বিমান বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে ২১ নভেম্বর মোট ৩৯টি ট্রেন বাতিল করেছে। পূর্ব উপকূলীয় রেল (ECoR) ও দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন রুটে (বিশেষত ওডিশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের সংযোগকারী লাইনগুলোতে) বেশ কিছু ট্রেন বাতিল ও সময়সূচি পরিবর্তন করেছে।
আকভানের পরোক্ষ প্রভাবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে সোমবার পর্যন্ত থাকবে আকাশের মুখ ভার। মঙ্গলবার থেকে নামবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, পরের সপ্তাহেই ধাপে ধাপে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-এর কাছাকাছি চলে যেতে পারে। এদিকে উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে পাওয়া যাবে শুষ্ক আবহাওয়া।
