কলকাতা: উপকূল পেরিয়ে স্থলভাগে ঢুকল ঘূর্ণিঝড় 'আকভান'। সমুদ্রেই শক্তি হারিয়ে দুর্বল হলেও 'আকভান'-এর প্রভাবে প্রবল বৃষ্টি। ল্যান্ডফল প্রক্রিয়া শেষে 'আকভান' পরিণত হচ্ছে গভীর নিম্নচাপে। ক্রমে ঝাড়খণ্ডের দিকে সরে গভীর নিম্নচাপ রাতের মধ্যেই শক্তি হারাবে।                                                  

Continues below advertisement

এদিকে আজ প্রবল বৃষ্টিতে লেকটাউনে ভেঙে পড়ল গাছ। লেকটাউন বি ব্লকে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ। ক্ষতিগ্রস্ত ২টি গাড়ি, আহত একটি গাড়ির চালক। আহত চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।                                                                          

শক্তি হারালেও 'আকভান'-এর জেরে বিভিন্ন রাজ্যে বৃষ্টি। ১৫০ মিলিমিটারের উপর বৃষ্টি শুধু ওড়িশার গোপালপুরেই। টানা বৃষ্টির জেরে গোপালপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন। ৩ লক্ষের বেশি মানুষকে উপকূল এলাকা থেকে সরানো হয়েছে। ঘূর্ণিঝড় 'আকভান'-এর জেরে আবহাওয়া প্রতিকূল। কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়া-আসার মোট ৬টি উড়ান বাতিল।                                                                                     

Continues below advertisement

'আকভান'-এর ল্যান্ডফল, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি। 'আকাশ মেঘলা থাকবে, চলবে দফায় দফায় বৃষ্টি। শহরের নিচু জায়গায় জমতে পারে জল', বৃষ্টির জেরে জল জমলে যানবাহন চলাচলের গতি শ্লথ হওয়ার আশঙ্কা। আগামী ১২ ঘণ্টায় কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস। 

ঘূর্ণিঝড় 'আকভান'-এর প্রভাবে রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি। সুন্দরবন উপকূলে বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হাওয়া। উত্তাল হয়ে উঠেছে নদী ও সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা। পর্যটনকেন্দ্র বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রস্নানের উপর কড়া নজরদারি। সমুদ্র সৈকতে মোতায়েন রয়েছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। সৈকতে পর্যটকদের সতর্ক করতে চলছে মাইক প্রচার। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রশাসনিক ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম।