ভুবনেশ্বর : প্রায় প্রতিবছরই কোনও না কোনও ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয় ওড়িশা। এখন শিয়রে আরও একটা ঘূর্ণিঝড়। চোখ রাঙাচ্ছে অর্ণব। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া গভীর নিম্নচাপ এখন শুধু ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হওয়ার অপেক্ষা। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তা ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে। আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে ওড়িশা সরকার। আগামী ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের উপকূলে সম্ভাব্য ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা করছেন আবহবিদরা। 

Continues below advertisement

সাইক্লোনের জেরে উপকূল জুড়ে ভারী বৃষ্টি (Heavy Rainfall) ও প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।   India Meteorological Department বা IMD-র সতর্কতা জারি হওয়ার পরই  দুর্যোগ মোকাবিলায় জোরদার প্রস্তুতি জোরদার করেছে ওড়িশা প্রশাসন। ওড়িশার দক্ষিণাঞ্চল ও উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। জেলায় জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল।  ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রও গুলিও প্রস্তুত রাখা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

ভারতের আবহাওয়া বিভাগ (IMD)-এর পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া আবহাওয়া ব্যবস্থাটি ২৬ অক্টোবর সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর সেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের (Andhra Pradesh Coast) দিকে এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর ঘূর্ণিঝড়টির স্থলভাগে আঘাত হানতে (Landfall) পারে।

Continues below advertisement

দক্ষিণবঙ্গের আকাশে আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর ভ্রুকুটি! বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যেভাবে শক্তি বাড়াচ্ছে তাতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। এর প্রভাবে মঙ্গলবার থেকে এরাজ্যে বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল। যার ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বাড়তে পারে দুর্যোগ। 

শেষ পাওয়া খবর অনুসারে, ক্রমশ শক্তি বাড়াচ্ছে 'অর্ণব'। শক্তি বৃদ্ধি করে ইতিমধ্য়েই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল পূর্ব-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর। এরপর বুধবার ল্য়ান্ডফলের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় 'অর্ণবের'। আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপাটলার মধ্যে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড়টির। সেই সময় দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের ফলে আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গে ধাপে ধাপে শুরু হতে পারে বৃষ্টি। বুধবার বাড়বে বৃষ্টির পরিমাণ।