সত্যজিৎ বৈদ্য, কলকাতা : ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব'। বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। গোপালপুর থেকে ৫৮০ কিলোমিটার দূরে, বিশাখাপত্তনম থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান, কাঁকিনাড়া থেকে ৬৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় 'অর্ণব'। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার হতে পারে। আজ মধ্যরাতে শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়। সেই সময় হাওয়ার গতিবেগ হতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ২৭ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপাটলার কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় 'অর্ণব'। সেই সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। 

Continues below advertisement

ল্যান্ডফলের পর দুর্বল হবে ঘূর্ণিঝড়। ২৯ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হয়ে এগোবে ছত্তিসগঢ়ের দিকে। ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গের উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার হতে পারে। আগামীকাল ২৭ অক্টোবর কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৮ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১ 

Continues below advertisement

২৯ অক্টোবর দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৩০ ও ৩১ অক্টোবরও বেশ কয়েক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির জেরে পাহাড়ে ধসের আশঙ্কা করা হচ্ছে। উত্তাল হবে সমুদ্র। তাই নিরাপত্তার খাতিরে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সন্ধের মধ্যে গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। দিঘা এবং নামখানায় মাইকিং করা হয়েছে সতর্কবার্তা প্রচার করার জন্য। 

ক্রমশ শক্তি বাড়াচ্ছে 'অর্ণব'। শক্তি বৃদ্ধি করে ইতিমধ্য়েই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল পূর্ব-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর। এরপর বুধবার ল্য়ান্ডফলের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় 'অর্ণবের'। আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপাটলার মধ্যে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড়টির। সেই সময় দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের ফলে আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গে ধাপে ধাপে শুরু হতে পারে বৃষ্টি। বুধবার বাড়বে বৃষ্টির পরিমাণ।