সন্দীপ সরকার, কলকাতা : উৎসবের মুখে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ। মশাবাহিত এই রোগে রাজ্যে আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৯ হাজার! পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি! স্বাস্থ্য় দফতর সূত্রে খবর, রাজ্য়ে আক্রান্তের নিরিখে মুর্শিদাবাদের পরের স্থানেই রয়েছে কলকাতা। আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য়ে থাকবে ডেঙ্গির হলুদ সতর্কতা। পরিস্থিতি সামলাতে আজ স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে প্রশাসনিক বৈঠক।

Continues below advertisement

গত ৫ দিনে ডেঙ্গি আক্রান্ত প্রায় হাজারখানেক। বর্তমান রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি ডেঙ্গি রোগী মুর্শিদাবাদে। এই জেলায় আক্রান্ত আড়াই হাজার ছুঁইছুঁই। তার ঠিক পরেই রয়েছে কলকাতা, এখানে ডেঙ্গি আক্রান্ত প্রায় ১ হাজার জন। তৃতীয়স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, সেখানে প্রায় সাড়ে ৭শো ডেঙ্গি রোগীর খোঁজ মিলেছে। উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় ডেঙ্গি আক্রান্ত প্রায় সাতশো ছুঁইছুঁই।

ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় অ্যাডভাইজারি জারি করেছে স্বাস্থ্য় ভবন। যেখানে জ্বরের প্রথম দিন থেকেই ডেঙ্গির উপসর্গের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। পাশাপাশি ডেঙ্গির উপসর্গের সঙ্গে কোমর্বিডিটি থাকলে, রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গাপুজোর আগে ডেঙ্গি প্রতিরোধ করতে আরও বেশ কিছু উদ্য়োগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য়মন্ত্রী। 

Continues below advertisement

ডেঙ্গি অ্যাডভাইজারিতে স্বাস্থ্য ভবন জানিয়েছে, নিজের চিকিৎসা নিজে করবেন না। জ্বরের প্রথম দিন থেকেই লক্ষ্য রাখতে হবে ডেঙ্গির উপসর্গের দিকে। জ্বরের সঙ্গে ডেঙ্গির উপসর্গ থাকলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া খেয়াল রাখতে হবে ডেঙ্গি আক্রান্তের অন্য কো মর্বিডিটি আছে কিনা। অন্য কোনও শারীরিক সমস্যা থাকলে,  রোগীকে হাসপাতালে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে হবে।