ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : বর্ষায় সৈকতশহরে ভ্রমণ সেরে কলকাতায় ফিরছিলেন। কিন্তু বেড়ানোর আনন্দ মুহূর্তে হয়ে গেল ফিকে। দিঘা থেকে কলকাতা ফেরার সময় ঘটে গেল বড় দুর্ঘটনা। রাস্তা থেকে একেবারে পাল্টি খেয়ে পড়ল বাস।
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দিঘা থেকে কলকাতাগামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যাত্রীবাহী বাস রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে কাঁথির ছত্রধরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 'সন্তোষ' নামে ওই বাসটি দিঘা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। পথে আচমকা এক বাইক আরোহী সামনে চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই বাসটি রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায়।
দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়। পাশাপাশি দুর্ঘটনার জেরে তৈরি হওয়া যানজটও দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাসের গতি-সহ অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।
আগেও এই এলাকায় দুর্ঘটনা
গত ফেব্রুয়ারিতেও এমন ঘটনা ঘটে। দিঘা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে একটি যাত্রীবাহী বাস। দিঘা থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাসটি। ভোর প্রায় সাড়ে ৫টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ছত্রধরার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেদিন দিঘা থেকে কলকাতা যাচ্ছিল বাসটি। ঘন কুয়াশায় ঢাকা ছিল গোটা এলাকা। দৃশ্যমানতা খুবই কম ছিল। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি রোলারে ধাক্কা মারে । অভিঘাতে একেবারে দুমড়েমুচড়ে যায় বাসের সামনের দিক।
গত বছরের শেষের দিকে একটি দুর্ঘটনা ঘটে। ছুটি কাটিয়ে দিঘা থেকে কলকাতা ফেরার পথে এক পর্যটকের মৃত্যু হয় দুর্ঘটনায়। পথ দুর্ঘটনায় জখম হন আরও চার পর্যটক। হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে ২টি গাড়ির। তাতেই এই মৃত্যু হয়।
আরও পড়ুন : বিধানসভায় পেশ OBC সংক্রান্ত দুটি সংশোধনী বিল, বিরোধিতায় ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি
