কলকাতাঃ রবিবার সন্ধ্যায় শারদোৎসবের সূচনা হল সন্তোষ মিত্র স্কোয়ারে। সাড়ম্বরে হল খুঁটি পুজো। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, বিধায়ক সজল ঘোষ সহ অনেকে। খুঁটি পুজোর পাশাপাশি, ভিডিও প্রেজেন্টেশন দেওয়া হয় থিমের। 

Continues below advertisement

শ্রাবণের সন্ধ্যায় হল শারদ-সূচনা। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবার পা দিল ৯১ তম বছরে। রবিবার হল খুঁটি পুজো। উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়। তিনি এই পুজো কমিটির সহ সভাপতি। তিনি বলেন, 'এবার এখানে পুলিশের তাণ্ডব হবে না। আগে নবান্নের নির্দেশ সিপি, ডিসি, ওসি যে অসভ্যতা গত কয়েক বছর করেছিল। যে আক্রমণ করেছিল। এবার হবে না। একই উন্মাদনা নিয়ে, একইভাবে পুজো হবে।' 

এছাড়াও উপস্থিত ছিলেন, পুজো কমিটির সাধারণ সম্পাদক বিধায়ক সজল ঘোষ, বিজেপি নেতা সন্তোষ পাঠক, বিজেপি নেত্রী কেয়া ঘোষ, প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ অনেকে। 

Continues below advertisement

সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির বিজেপি বিধায়ক ও সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, 'এটা আগে হলে এতদিনে আমি দুটো চিঠি পেয়ে যেতাম। চার দিন ধরে টিভিতে সন্তোষ মিত্রের খবর চালানো হত। পুলিশ ঝামেলা করত। প্রচারের আলোয় থাকত। এবার ফাটিয়ে দেব, অন্যরকম থিম হবে। দেখতে হবে, না হলে পস্তাতে হবে। 

এবারের থিম, 'সনাতন চেতনায় বন্দেমাতরম'। এদিন থিমের ভিডিও প্রেজেন্টেশন দেওয়া হয় পুজো কমিটির পক্ষ থেকে।  এবার সন্তোষ মিত্র স্কোয়ারের মৃৎশিল্পী মিন্টু পাল এবং মণ্ডপ শিল্পী শিবশঙ্কর পাল।

গত বছর ষষ্ঠীর গোটা দিন জুড়ে সপ্তমে পৌঁছেছিল প্রশাসনের সঙ্গে পুজো কমিটির সংঘাত। পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ।  গত বছর তাদের থিম ছিল 'অপারেশন সিঁদুর'। উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপারেশন সিঁদুরের লাইট অ্যান্ড সাউন্ড দেখতে ছিল জনজোয়ার। তবে পুলিশ প্রশাসনের সঙ্গে বাগবিতণ্ডাও চলে। পুজো শুরুর আগেই বন্ধ করার চেষ্টা থেকে অপারেশন সিঁদুরের লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের বিরোধিতা পর্যন্ত, প্রতিটি পদক্ষেপই করা হচ্ছে ভারতের জনগণকে তাঁদের জাতীয় গর্ব থেকে বঞ্চিত করার উদ্দেশে, অভিযোগ উঠেছিল পুজোর তরফে।