দুর্গাপুর : দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। শনিবার রাতে হস্টেলের বাথরুম থেকে উদ্ধার হয় লাবণ্য প্রতাপ নামে বছর ২২-এর পড়ুয়ার ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে দাবি, মৃত ছাত্রের বাড়ি বিহারের পাটনায়। জানা গিয়েছে, শেষ পরীক্ষায় ভাল ফল হয়নি ছাত্রের। এখন প্রশ্ন হল, সেই ঘটনাকে কেন্দ্র করেই ছাত্র আত্মহত্য়া করেছেন, নাকি এর পিছনে অন্য় কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। অন্য়দিকে, ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে দেহ। 

Continues below advertisement

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে এর আগেও ঘটেছে ভয়ঙ্কর ঘটনা 

ওড়িশা থেকে পড়তে আসা এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ ওঠে আইকিউ সিটি মেডিক্যাল কলেজে। অভিযোগ, দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ঘটেছিল গণধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ছিলেন ওই তরুণী। জানা যায়, ঘটনার দিন রাত ৮টা নাগাদ এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন তিনি। ফেরার সময় ২-৩ জন যুবক রাস্তা আটকায়। ডাক্তারি পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে, নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ছাত্রীর সঙ্গে থাকা সহপাঠীর উপরেও সন্দেহ যায় পুলিশের। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতারও করা হয় এই ঘটনায়। 

Continues below advertisement

আরও কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে একজন ঘটনার মাস তিনেক আগে ওই মেডিক্যাল কলেজে নিরাপত্তারক্ষীর কাজ করতেন বলে জানা যায়। আরেকজন ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা যায় পুলিশ সূত্রে। এই ধৃতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সময় জানিয়েছিলেন যে, সে দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। আর তার বাবা স্থানীয় তৃণমূল নেতা। 

মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ 

পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রথম বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে র‍্যাগিংয়ের অভিযোগ উটেছিল। অভিযোগ, গত ১ ফেব্রুয়ারি প্রথম বর্ষের এক ছাত্রকে দ্বিতীয় ও চতুর্থ বর্ষের দুই ছাত্র র‍্যাগিং ও মারধর করে। এই ঘটনায় ছাত্রের পরিবার পুরুলিয়া মফস্বল থানা ও দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভিযোগ দায়ের করে। এরপরই হাসপাতালের অ্য়ান্টি র‍্যাগিং কমিটির বৈঠক হয়। হাসপাতাল সুপারের দাবি, অভিযুক্ত ২ পড়ুয়ার বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হয়েছে। জানা যায়, র‍্যাগিংয়ের শিকার হওয়া প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, র‍্যাগিংয়ের অভিযোগ পাওয়া পর অ্য়ান্টি র‍্যাগিং কমিটির যে বৈঠক হয়েছিল সেখানে অভিযুক্ত এবং আক্রান্ত, উভয় পক্ষের ছাত্ররাই উপস্থিত ছিলেন।