কলকাতা : শিক্ষা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় নাম জড়িয়েছিল তাঁর । অবশেষে এক-এক করে সবকটি মামলাতেই জামিন পেয়ে এখন পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে। তাঁরও আগে এই মামলায় জামিনে মুক্ত অর্পিতা মুখোপাধ্যায়। এবার ফের ইডি ডেকে পাঠাল পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী হিসেবে পরিচিত , নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়কে।
দোলের পর আগামী সপ্তাহে ২ জনকেই হাজিরার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ ও অর্পিতা। সেই মামলায় ২ জনেই এখন জামিনে মুক্ত। SSC নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে CBI পার্থ চট্টোপাধ্যায়ের নামে চার্জশিট জমা দিয়েছিল। এবার SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর হল ED ।
২০২১ সালের বিধানসভা ভোটের পরের বছরই, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্য়ায়। এবার সামনে আরেক বিধানসভা ভোট। তার আগে ফের বেহালা পশ্চিমে জনসংযোগ শুরু করেছিলেন পার্থ। এরই মধ্যে আবার পেলেন ইডি-র ডাক। ২০১১, ২০১৬, ২০২১, তিনবার বিধানসভা ভোটে, তৃণমূলের টিকিটে বেহালা পশ্চিম থেকে জিতে বিধায়ক হয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। তৃণমূল সরকারের শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিষদীয়মন্ত্রী, তথ্য-প্রযুক্তিমন্ত্রী, তৃণমূল মহাসচিবের দায়িত্ব সামলিয়েছেন তিনি। একসময় কার্যত তৃণমূলের নম্বর টু ছিলেন। কিন্তু, ২০২২-এ নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ ওঠার পরই দল তাঁকে সরিয়ে দেয়। এই পরিস্থিতিতে জেল থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায ফের জনসংযোগ করছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে কথা বলছেন। এরই মধ্যে পেলেন ইডির ডাক।
অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী বলেও অনেকে চিনতেন। নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ ও সোনা উদ্ধার হয়েছিল। সেই সঙ্গে , স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি উদ্ধার হয়। ২০২২ সালের ২৩ জুলাই, অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ED । ২০২৪ সালের শেষাশেষি গ্রেফতারির ৮৫৭ দিন পর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির ৮৫৭ দিন পর তাঁকে জামিন দেয় ED-র বিশেষ আদালত।
