কলকাতা : রাজ্যে ভোটের আগে সতর্ক পুলিশ - প্রশাসন। নির্বাচনের দিন ঘোষণা হয়নি ঠিকই। কিন্তু নিরাপত্তা নিয়ে কড়া প্রশাসন। ভোটমুখী রাজ্যে এবার খাস কলকাতায় বাস থেকে উদ্ধার হল ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র! মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে তৎপর হয় পুলিশ। লালবাজারের ARS টিমের হাতে গ্রেফতার হয় অস্ত্র পাচারকারী। 

Continues below advertisement

পুলিশ সূত্রে খবর, একটি 7 MM পিস্তল, ৩টি ওয়ান শটার ও ১১ রাউন্ড কার্তুজ নিয়ে বাসে উঠেছিল মহম্মদ ইস্তিয়াক। গড়িয়াহাট থেকে EM বাইপাসের দিকে যাচ্ছিল । খবর পেয়ে ধাওয়া করেছিল পুলিশও। কসবায় বাস থেকে নামতেই হাতেনাতে গ্রেফতার করা হয় অস্ত্র পাচারকারীকে।  তার কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

জানা নিয়েছে, ধৃত অস্ত্র পাচারকারী গয়ার বাসিন্দা, নাম মহম্মদ ইস্তিয়াক।  পুলিশ সূত্রে খবর, বিহার ও ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল আগ্নেয়াস্ত্রগুলি। কী উদ্দেশ্যে কলকাতায় ঢোকানো হয় অস্ত্র? তবে কি ভোটের আগে কেউ অস্ত্র মজুত করছে? তাই কি আগ্নেয়াস্ত্রের বরাত দেওয়া হয় ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মহম্মদ ইস্তিয়াককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের শিকড়ে পৌঁছানো যায় কি না , সেটাই দেখার। 

Continues below advertisement

বিধানসভা ভোটের কয়েক মাস আগেই ফের কলকাতার অস্ত্র উদ্ধার। তবে কি অস্ত্র পাচারের হটস্পট হয়ে উঠছে কলকাতা? বাড়ছে উদ্বেগ। তার আগে দেখে নেওয়া যাক, এর আগে কলকাতার কোথায় কোথায় বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে?

আগেও কলকাতায় বারবার অস্ত্র উদ্ধার 

গত বছরও কলকাতায় একাধিক বার অস্ত্র উদ্ধার হয়। ২০২৫ সালের ২৫ মে, কলকাতার প্রাণকেন্দ্র, খাস ধর্মতলা থেকে শ'য়ে শ'য়ে কার্তুজ উদ্ধার করেন কলকাতা পুলিশের STF-এর অফিসাররা। এছাড়া গত ৩০ মার্চ, আনন্দপুরে এক মহিলা-সহ ২ জনের হেফাজত থেকে ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের STF । ২০২৫ সালের ১৬ মার্চ, শিয়ালদা স্টেশনে উদ্ধার হয় ৪টি 7MM পিস্তল, ২টি ওয়ান শটার, ৮ রাউন্ড গুল। মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. ধৃতের কাছে একটি ট্রলি ব্যাগে জামাকাপড়ের তলায় লুকোনো ছিল অস্ত্র। ২০২৫ সালের  ৮ ফেব্রুয়ারি, বড়বাজার থেকে উত্তরপ্রদেশের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF । উদ্ধার হয় ২টি 7 MM ও 9 MM পিস্তল এবং ১৯ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয় উত্তরপ্রদেশের নম্বর প্লেটের একটি গাড়ি। ২০২৫ সালের  ২৭ জানুয়ারি উত্তর কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF । উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি। ঠিক তার আগের বছর, ৯ নভেম্বর শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজার থেকে ৩টি ওয়ান শটার ও ২টি 7MM পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়। ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF।