দক্ষিণ ২৪ পরগনা: সওকত মোল্লাকে ফের ডিম আক্রমণ, মাছ চোর স্লোগান। NIA হেফাজত থেকে আদালতে আনার সময় ডিম ছুড়ে চলে বিক্ষোভ। প্রাক্তন তৃণমূল বিধায়কের উদ্দেশে 'মাছ' চোর স্লোগান। ৫ জুনে ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার করা হয় সওকত মোল্লাকে। NIA-এর হাতে গ্রেফতার হয় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক।
নদীর চর চুরি থেকে খাল চুরি। ভেড়ি দখল থেকে রাস্তার জন্য বরাদ্দ টাকা হাপিস। একের পর এক অভিযোগ সামনে আসছে সওকত মোল্লা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ক্য়ানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মুখ খুলছেন বহু মানুষ। কেউ বলছেন, তিনি ছিলেন ক্যানিংয়ের বেতাজ বাদশা। আবার সওকত মোল্লার নাম শুনলেই কারও চোখে-মুখে ফুটে উঠছে আতঙ্ক। অভিযোগ, তৃণমূল আমলে দক্ষিণ ২৪ পরগনার একটা বড় অংশ জুড়ে মৌরসিপাট্টা গড়ে তুলেছিলেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ।অভিযোগ, মাছ চুরি থেকে হাতপাকানো শুরু। তারপর খাল চুরি, ভেড়ি চুরি, নদীর চর চুরি থেকে রাস্তা চুরি, একের পর এক কুকীর্তি পাহাড় গড়েছেন ক্য়ানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।এর আগে সওকত মোল্লা ও তাঁর পরিবারের বিরুদ্ধে উঠেছে নদী চর চুরি করে রেস্তোরাঁ-হোটেল তৈরির অভিযোগ। এবার সামনে এল তাঁর আরও কীর্তি।
দক্ষিণ ২৪ পরগনার মৌখালির বাসিন্দা ফৈজুল মোড়ল বলেন, এটা মাতলা নদীর চর। ওরা দখল করে এখন এগুলো বিক্রি করছে। ১০ লাখ, ৫ লাখ এভাবে নিয়ে সওকতের বউ সরবানু ও নিজে এগুলো বিক্রি করে। কয়েক হাজার বিঘা এভাবে ওরা নিয়ে করে খাচ্ছে। জয়নগর সাংগঠনিক জেলা বিজেপি জেলা সম্পাদক সুমন হালদার বলেন, সরাসরি যুবরাজের সঙ্গে ওনার কানেকশন। এই ফিশারির টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, বার্ষিক টাকার তোলা যেত অভিষেক ব্যানার্জির ঘরে। সেটা সওকত মোল্লার মাধ্যমে যেত। সাধারণ মানুষকে কীভাবে ধমকে-চমকে সওকত বাহিনী তাঁদের জমি নিজেদের দখলে নিত, উঠে এসেছে সেই অভিযোগও। শুক্রবার রাতে NIA-র হাতে গ্রেফতার হয়েছেন সওকত মোল্লা।বেআইনিভাবে নদী ভরাট করে ক্যাফে তৈরির অভিযোগে সওকতের ছেলের কাছেও পৌঁছেছে প্রশাসনের নোটিস।১৮ জুনের মধ্য়ে SDO অফিসে হাজির হতে বলা হয়েছে ইমরান মোল্লাকে।
