উত্তর ২৪ পরগনা : দুর্নীতিতে জিরো টলারেন্স - ক্ষমতায় আসার পর থেকে একথা বারংবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সহ রাজ্যের সব নেতা-মন্ত্রীদের মুখে। আর সেই নিরিখেই ফের একবার ঘুষ নিতে গিয়ে পাকড়াও হয়েছেন এক সরকারি অফিসার। বাগদায় ২৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক সরকারি অফিসার। জানা গিয়েছে, দুর্নীতি দমন শাখার অভিযানে গ্রেফতার হয়েছেন BL&LRO (Block Land and Land Reforms Officer)। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও করা হয়েছে বাগদার এই রেভিনিউ ইনস্পেক্টরকে। ACB সূত্রে খবর, জমির চরিত্র বদলের আবেদনের জন্য ঘুষ চেয়ে হাতেনাতে পাকড়াও হয়েছেন এই সরকারি আধিকারিক। উত্তর ২৪ পরগনার বাগদায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে বাগদার রেভিনিউ ইনস্পেক্টর চন্দন মণ্ডলকে। এই প্রথম নয়। এর আগেও ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও হয়েছেন অনেকেই।
রাজ্যে বিজেপি সরকার আসার পর তৈরি হয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB)। প্রথম থেকেই অত্যন্ত তৎপর এই বিভাগের আধিকারিকরা। রাজ্যজুড়ে একাধিক জায়গায় অভিযান চালিয়ে ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করা হয়েছে ACB- র তরফে। সেই তালিকায় সরকারি আধিকারিক থেকে শুরু করেছে সিভিক ভলান্টিয়ার, অনেকেই রয়েছেন। এবার ফের এক সরকারি আধিকারিককে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করলেন ACB কর্তারা।
'আমায় ভয় দেখিয়ে, পুলিশের আইন দেখিয়ে, দমানো যাবে না', দ্বিতীয়বার হাজিরার আগে বললেন হুমায়ুন কবীর
কয়েকদিন আগেই ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন দু'জন সিভিক ভলান্টিয়ার
জানা গিয়েছে, পাসপোর্ট ভেরিফিকেশনের নামে 'ঘুষ' নিচ্ছিলেন ওই ২ সিভিক ভলান্টিয়ার। ঘুষ নেওয়ার সময় একদম হাতেনাতেই তাঁদের পাকড়াও করেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। আগে থেকেই খবর ছিল ACB-র কাছে। সেই অনুযায়ী ছদ্মবেশে অভিযান চালান আধিকারিকরা। এরপরই তদন্তকারী আধিকারিকদের জালে ধরা পড়ে হরিণঘাটা DIB অফিসের ২ সিভিক ভলান্টিয়ার। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে ধৃত দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার অফিসারদের হাতে গ্রেফতার হন অভিযুক্ত ২ সিভিক ভলান্টিয়ার।
এই ঘটনার কিছুদিন আগে ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হন আরেক সিভিক ভলান্টিয়ার
পূর্ব মেদিনীপুরে হাতেনাতে পাকড়াও হন এক সিভিক ভলান্টিয়ার। ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হন ওই সিভিক ভলান্টিয়ার। এই সিভিক ভলান্টিয়ার পূর্ব মেদিনীপুরের ডিআইবি অফিসে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাইয়ে দেবে বলে টাকা সংগ্রহ করছিলেন এই সিভিক ভলান্টিয়ার। এই তথ্য পান রাজ্য দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। খবর পাওয়ার পর একটি ফাঁদ পাতেন রাজ্য দুর্নীতি দমন শাখার আধিকারিকরা এবং ঘুষ নেওয়ার সময়েই হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে।
