রায়গঞ্জ, সুদীপ : গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রায়গঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ড কার্যত জলমগ্ন হয়ে পড়েছিল। চরম দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ। বাড়িঘরে জল ঢুকে পড়া, রাস্তায় হাঁটু সমান জল জমে থাকা ও নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার প্রতিবাদে রবিবার দেহশ্রী মোড় এলাকায় পথ অবরোধ করেছিলেন শতাধিক বাসিন্দা। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছ। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সেই আশ্বাস বাস্তবায়নের কাজ শুরু হয়।
যৌথ উদ্যোগে শুরু কাজ, পরিত্রাণ বাসিন্দাদের
রায়গঞ্জ পুরসভা ও রায়গঞ্জ দমকল কেন্দ্রের যৌথ উদ্যোগে এলাকায় বসানো হয়েছে দুটি পোর্টেবল পাম্প। যুদ্ধকালীন তৎপরতায় জমে থাকা জল নিষ্কাশনের কাজ চলছে। প্রশাসনের আশা, এতে আপাতত সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে এবং স্বাভাবিক জনজীবন ফিরতে শুরু করবে। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি মানস কুমার ঘোষ। তিনি জানান, পুরসভা ও দমকল বিভাগের কর্মীরা সমস্ত পরিকাঠামো কাজে লাগিয়ে দ্রুত জল নিষ্কাশনের চেষ্টা করছেন। মানুষের দুর্ভোগ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জল কমাল দমকল
দমকল রায়গঞ্জ দমকল কেন্দ্রের আধিকারিক রতন কুমার সিংহ জানান, দমকলের কাজ শুধু অগ্নিনির্বাপণ নয়, যে কোনও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো। সেই দায়িত্বের অংশ হিসেবেই ৪ নম্বর ওয়ার্ডে পোর্টেবল পাম্প বসিয়ে দ্রুত জল নিষ্কাশনের কাজ চলছে। প্রয়োজনে ভবিষ্যতেও একইভাবে প্রশাসনের পাশে থেকে কাজ করবে দমকল বিভাগ। প্রশাসনের এই তৎপরতায় আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে ৪ নম্বর ওয়ার্ডে। তবে স্থানীয়দের একটাই দাবি, প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি রুখতে দ্রুত স্থায়ী নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা হোক। এখন দেখার, অস্থায়ী জল নিষ্কাশনের পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানে পৌরসভা কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
সম্প্রতি তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। কার্শিয়ঙের দুধিয়ায় ভাঙল অস্থায়ী সেতু। সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিকের। কার্শিয়াঙের মাহানতির কাছে, ১১০ নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস। এ বাদেও পাহাড়ের একাধিক ছোট-বড় ধস নেমেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে।
