সুনীত হালদার, হাওড়া: তোলাবাজি ইস্যুতে ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। এবার, তোলাবাজির অভিযোগ তুলে, দলেরই একাংশকে তীব্র আক্রমণ করলেন হাওড়ার উলুবেড়িয়ার বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। যদিও, বিজেপি নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তাঁরই দলের একাংশ।
আরও পড়ুন, ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
ফের বিজেপির ভিতর থেকেই উঠল তোলাবাজির অভিযোগ। এবার, তোলাবাজির অভিযোগ তুলে, দলেরই একাংশকে তীব্র আক্রমণ করলেন হাওড়ার উলুবেড়িয়ার বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ।বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ বলেন, মাত্র ৬ মাস সরকারে এসেছে, ৮ মাস। চূড়ান্ত তোলাবাজি। শুধরে যান, মানুষ সব লক্ষ্য করছে। মানুষ অনেক অত্যাচারিত হয়ে, তবে আমাদেরকে নিয়ে এসেছে। সেই সুযোগের অসৎ ব্যবহার করাটা মহা অন্যায়, মহা অপরাধ।' ২৬ এর বিধানসভা নির্বাচনে, উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের পুলক রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পরাজিত হন স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। এলাকায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা RSS ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। বৃহস্পতিবার, উলুবেড়িয়ার কৈজুরিতে একটি অনুষ্ঠানে তোলাবাজির অভিযোগে বিজেপির একাংশকে আক্রমণ করলেন তিনি। বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ বলেন, জেলা কার্যালয়ের প্রধানভাবে যারা বিশেষভাবে পরিচালনার কাজে আছে, তাদের একটা বিশেষ অংশ ঘুরপথে হাঁটছে। এক বছর আগে এদের ইনকাম ট্যাক্সের...যদি একটু দেখা যেত আর ভোটের পরে এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা যদি একটু দেখতেন, তাহলে বোধ হয় অনেকটা পরিষ্কার হয়ে যেত।' যদিও, বিজেপি নেতার মন্তব্যকে গুরুত্ব নিতে নারাজ তাঁরই দলের একাংশ।হাওড়া গ্রামীণ ইউনিট বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত বলেন, প্রার্থী ছিলেন, সম্মান রেখেই বলছি, ভারতীয় জনতা পার্টির কোনও দায়িত্বে উনি নেই। না...সংগঠনের কোনও বিষয় আছে, না আমি প্রেস মিডিয়াকে, না আমি ওঁকে জানাব। উনি কেন বলেছেন, ওঁকে জিজ্ঞেস করলেই ভাল হবে।' বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ বলেন, আমি তো কোনও ঠিকাদারের নামই নিইনি। যখন আমার কথার কোনও গুরুত্বই নেই, তাহলে আমার প্রকাশ্য বক্তব্যকে নিয়ে এত টেনশনেরই বা কী হল! আমি আমার নিজের ঘরের বিরুদ্ধে প্রতিবাদ করেছি।
তোলাবাজির অভিযোগ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। হাওড়া জেলা কমিটির সিপিএম সদস্য সাবিরউদ্দিন মোল্লা বলেন, সত্য কথা ওঁর(স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ) মুখ দিয়ে বেরিয়ে গেছে। ৪ তারিখের পর থেকে যাঁরা তৃণমূলের তোলাবাজ ছিল, তাঁরা বিজেপিতে ঢুকে গেছে। আগে তৃণমূলে যারা ছিল, তাঁরা তোলাবাজি করত, এখন তারাই বিজেপি সেজে...তোলাবাজি করছে।
