সুনীত হালদার, হাওড়া : হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুরে দুষ্কৃতী দৌরাত্ম্য। সোনা ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ টাকা লুঠ করা হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে, গতকাল রাত ৯টা নাগাদ স্কুটার চালিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী বিপ্লব ভুইঁয়া। অভিযোগ, বাড়ি থেকে ২০০ ফুট দূরে তাঁর পথ আটকায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী ব্যাগ দিতে অস্বীকার করলে তাঁর মাথায় বন্দুক ঠেকায় অভিযুক্তরা। তারপর শূন্যে ১ রাউন্ড গুলি চালায়। ছিনতাইয়ের পরে ২টি বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযুক্তদের খোঁজে এলাকার CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে রাজাপুর থানা।

Continues below advertisement

এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এর পিছনে যুক্ত তাদের খোঁজ শুরু হয়েছে জোরকদমে। ওই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কিনা, তার জেরে এই ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার আকস্মিকতায় হতবাক ওই স্বর্ণ ব্যবসায়ী। ওই দুষ্কৃতীরা কোনও দলের সঙ্গে যুক্ত কিনা, শুধু লুঠই তাদের উদ্দেশ্য ছিল নাকি আর কোনও পরিকল্পনা ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে এই দুষ্কৃতীদের কাছে অস্ত্র এল তাও খতিয়ে দেখা হচ্ছে। 

গত বছর সিঁথি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর থেকেও এভাবে অস্ত্র দেখিয়েই লুঠ করা হয়েছিল বিপুল পরিমাণ সোনা 

Continues below advertisement

মাস তিনেক আগের ঘটনা। গত বছর অক্টোবর মাসে সিঁথি থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর থেকে প্রায় আড়াই কেজি সোনা লুঠ করে দুষ্কৃতীরা। বড়বাজার থেকে সোনা নিয়ে ফেরার পথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সোনা লুঠ করা হয়। স্কুটারে সিঁথির বাড়িতে ফিরছিলেন ওই ব্যবসায়ী। স্কুটারের ডিকিতে রাখা ছিল ২ কেজি ৩৮০ গ্রাম সোনা। রাত ৮টার পর বাড়ির সামনে এসে গেট খোলার সময় চড়াও হয় দুই দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্কুটার এবং গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।                            

যাদবপুরের মন্দিরে চুরি 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : যাদবপুরের লায়েলকায় মন্দির থেকে চুরি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চোরেদের কীর্তি। প্রথমে বাইকে করে তিনজন আসে। মন্দিরের তালা ভেঙে ক্য়াশ বাক্স থেকে টাকা নিয়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় যাদবপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ।