হাওড়া, পাঁচলা : ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। প্রতিটি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। তেমনই এক ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে। প্রায় ৮ বছর পর নিজের বাড়িতে ফিরলেন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ মুজিবর রহমান। এতগুলো বছর তিনি ঘরছাড়া ছিলেন। তবে বাংলায় পালাবদল হতেই নতুন সরকারের দৌলতে মুজিবর ফিরলেন বাড়িতে।
তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের পঞ্চায়েতের সদস্য ছিলেন শেখ মুজিবর রহমান। অথচ স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি মত মোটা টাকা কাটমানি এবং স্কুলের চাকরি বিক্রির টাকা দিতে না পারায়, মুজিবরের বাড়ি ভাঙচুর এবং লুটপাট করা হয় বলে অভিযোগ ওঠে। প্রায় আট বছর ঘরছাড়া থাকার পর, অবশেষে পাঁচলায় নিজের বাড়িতে ফিরলেন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ মুজিবর রহমান। তবে এটি সম্ভব হয়েছে বিজেপির জন্য। বিজেপি পার্টির লোকেরা উদ্যোগ নিয়ে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনেন।
২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল পরিচালিত পাঁচলা গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে নির্বাচিত হন শেখ মুজিবর রহমান। কিন্তু কিছুদিন কেটে যাওয়ার পরই স্থানীয় তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক তাঁকে পঞ্চায়েত থেকে ২৫ শতাংশ কাটমানি দাবি করেন। এমনই অভিযোগ করেন শেখ মুজিবুর রহমান। এই কাটমানির পাশাপাশি স্কুলে চাকরি দেওয়ার নাম করে তার থেকে জোর করে ১০ লক্ষ টাকা নেয় বলেও অভিযোগ। এই নিয়ে বিধায়কের সঙ্গে তার মতবিরোধ শুরু হয়। ফলে মুজিবরকে পঞ্চায়েত সদস্য হিসাবে কাজ করতে দেয়নি এলাকার বিধায়ক। শুধু তাই নয় তৃণমূলে থেকেও দুর্নীতিতে বিরোধিতা করায় বিধায়কের হার্মাদ বাহিনী তার বাড়ি ভাঙচুর এবং লুটপাট করে বলে তিনি সরাসরি অভিযোগ করেন। অত্যাচারের কারণে গত আট বছর ধরে মুজিবর ঘরছাড়া ছিলেন। আরও পড়ুন - তৃণমূলের আমলে ঘরছাড়া সংখ্যালঘু পরিবার, শামিম আখতারদের ঘর ফিরিয়ে দিলেন বিজেপি বিধায়ক
২০২১ সালে ভোটের আগে তিনি আইএসএফ (ISF)- এ যোগদান করেন। তাতেও তিনি রেহাই পাননি। পূর্বের হওয়া অত্যাচার হয়ে এসেছে তাঁর উপর। ঘরে ফিরতে পারেননি তিনি। সেভাবেই প্রায় ৮ বছর ধরে ঘরের বাইরে তিনি। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর পাঁচলার বিজেপি নেতাদের হাত ধরে ঘরে ফিরলেন শেখ মুজিবর রহমান। এখন তিনি তাঁর উপর হয়ে আসা অত্যাচারের বিচারের দাবিতে সরব হয়েছেন।
অন্যদিকে, যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন কোনদিন তিনি পঞ্চায়েত থেকে কাটমানি বা স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা দিতে বলেননি। মুজিবর মিথ্যা অভিযোগ করছেন। সে দুর্নীতিগ্রস্ত এবং বিভিন্ন ক্রিমিনাল কেসে অভিযুক্ত। দল তাকে প্রধান হওয়ার এক বছর বাদে বহিষ্কার করেছিল। পরে আইএসএফ এ যোগদান করলেও সেখান থেকেও বহিষ্কার করা হয়। এখন বিজেপি করছে।
