ভোটের মুখে হাওড়ায় হাড়হিম করা ঘটনা! ২৭ বছরের তরতাজা যুবক, পেশায় প্রোমোটারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করল দুষকৃতীরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা। যা নিয়ে এদিন দফায় দফায় উত্তেজনা ছড়াল এলাকায়। চলল রাস্তা আটকে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ। খুনে অন্যতম অভিযুক্তের সঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়কের ছবি ভাইরাল হওয়ায় এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। 

Continues below advertisement

এদিন সন্ধ্যের পর হাওড়ায় দফায় দফায় উত্তেজনা দেখা দিয়েছে। পিলখানা রোডে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ফের অবরোধ-বিক্ষোভ চলছে। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর । ঘটনাস্থলে প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন, এলাকায় রুট মার্চ শুরু হয়েছে।  

বিধানসভা ভোটের মুখে খুন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর! খুনে অন্যতম অভিযুক্ত হারুন খানের সঙ্গে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর এই ভিডিও ভাইরাল হয়েছে! ছবিতে দেখা যাচ্ছে মোটরবাইক চালাচ্ছেন তৃণমূল বিধায়ক! আর পিছনে বসে খুনে অভিযুক্ত হারুন!

Continues below advertisement

এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের মুখে পড়েন স্থানীয় তৃণমূল বিধায়ক! সন্ধেয় পিলখানায় রাস্তা অবরোধ করে, আগুন জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে যায় পুলিশ এবং র‍্যাফ। দমকল আগুন নেভানোর কাজে এলে তাদের কাজেও বাধা দেওয়া হয়। খুনে ২ অভিযুক্তই এখনও অধরা। খুনের খবর করতে যাওয়ায় পর, পিলখানায় এবিপি আনন্দের সাংবাদিক ময়ূখঠাকুর চক্রবর্তীর ওপর হামলা চালায় দুষকৃতীরা। তাঁর নাকের হাড় ভেঙে গেছে।  

খুনে অভিযুক্তের সঙ্গে এলাকার তৃণমূল বিধায়কের একের পর এক ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে যখন সুর চড়াচ্ছে বিরোধীরা, তখন পাল্টা বিজেপি নেতা অর্জুন সিং-এর সঙ্গে হারুন খানের ছবি সামনে এনেছেন হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরী।  যে বিধানসভা এলাকায় এই ঘটনা ঘটেছে, সেই হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লর সঙ্গেও অভিযুক্ত হারুন খানের ভাইরাল ছবি সামনে এসেছে। 

লক্ষ্মীরতন শুক্ল জানিয়েছেন, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না।  অনেকেই বলছেন, বর্তমান যুগে কেউ কারও পেছনে বা পাশে দাঁড়িয়ে কিংবা অনুরোধ করে ছবি তুলতেই পারেন! কিন্তু তাই বলে, যে কোনও অপরিচিত লোক তো আর তৃণমূল বিধায়কের মোটরবাইকের পিছনে বসে থাকতে পারেন না! এর কী জবাব দেবেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী!