হাওড়া: আগামীর পরিষেবা আরও সুন্দর ও মসৃণ করতে এবার বদ্ধপরিকর ভারতীয় রেল। আর সেই কারণেই আগামী ৩০ এপ্রিল থেকে ৯ মে-র মধ্যে ১০ দিন একাধিক ট্রেন দেরিতে ছাড়বে। আবার একাধিক ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব রেল একটি নোটিফিকেশন জারি করে জানিয়েছে বাঁশবেড়িয়ায় রোড ওভার ব্রিজের কাজের জন্য বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মধ্যে দৈনিক ৩ ঘণ্টা করে পাওয়ার ব্লক করা হবে।
৩০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত
এই ৫ দিন ডাউন লাইনে ট্রাফিক ব্লক করা হবে। দুপুর ১ টা ৪৫ মিনিট থেকে বিকাল ৪ টে ৪৫ মিনিট পর্যন্ত এই ট্রাফিক ব্লক চলবে। এর ফলে ৩৭৭৪৮ কাটোয়া–ব্যান্ডেল লোকাল ট্রেন দুপুর ১ টার বদলে ১ টা বেজে ৫০ মিনিট ছাড়বে। এ ছাড়াও এই ট্রেন প্রয়োজনে পথে আরও ৭০ মিনিট দেরি করতে পারে। শুধুমাত্র ৩০ এপ্রিল ০৩০২৮ কাটোয়া–ব্যান্ডেল ইএমইউ স্পেশাল ট্রেন কাটোয়া থেকে দুপুর ১ টা ৪৫ মিনিটের বদলে দুপুর ২ টো বেজে ৪৫ মিনিট ছাড়বে। এ ছাড়াও এই ট্রেনটি পথে প্রয়োজনে ১৫ মিনিট দের করতে পারে।
এ ছাড়াও ৩৭৯২৪ কাটোয়া–হাওড়া গ্যালপিং লোকাল পথে ১৫ মিনিট দেরি করতে পারে। এই পাওয়ার ব্লকের আগে শেষ ট্রেন ৩৭৭৪৬ কাটোয়া–ব্যান্ডেল লোকাল। এই ট্রেন সকল ১১ টা বেজে ১০ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। দুপুর ১ টা বেজে ৩৫ মিনিট ব্যান্ডেল পৌঁছে যাবে। অন্যদিকে পাওয়ার ব্লকের পর প্রথম ট্রেন ৩৭৭৪৮ কাটোয়া–ব্যান্ডেল লোকাল।
৫ মে থেকে ৯ মে পর্যন্ত
এই ৫ দিন রাত ১ টা থেকে ভোর ৪ টে পর্যন্ত ব্লক থাকবে আপ লাইন। ৩৭৭৪১ ব্যান্ডেল–কাটোয়া লোকাল ট্রেন ব্যান্ডেল থেকে রাত ৩ টে ৫ মিনিটের বদলে ভোর ৪ টে ৫ মিনিট ছাড়বে। এই লাইনে ব্লক শুরুর আগে শেষ ট্রেন ১৩০৩৩ হাওড়া - কাটিহার এক্সপ্রেস। রাত ১১ টা ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ব্লক খোলার পর প্রথম ট্রেন ব্যান্ডেল - কাটোয়া লোকাল। যে ট্রেন ব্যান্ডেল ছাড়বে রাত ৩ টে বেজে ৫ মিনিটে।
