ক্যালেন্ডার অনুসারে ভারতে অগাস্ট মাস সবথেকে বেশি বৃষ্টির মাস। আর বৃষ্টির প্রভাবে দেশজুড়েই এই সময় তাপমাত্রা হ্রাস পায়। গরমের অসহ্য জ্বালা থেকে মুক্তি মেলে বর্ষায়। তবে এই বছর , ২০২৬ সালে, এল-নিনোর প্রভাবে বর্ষা যে একটু অন্যরকম হবে, এমন পূর্বাভাস ছিলই। বৃষ্টির দাপট কম না হলেও, এবারের বর্ষা নজির সৃষ্টি করল। ১২৫ বছরে এমনটা হয়নি, যা ঘটল এবার। অগাস্টের চেনা ছবি যেন ভ্যানিশ ! ২০২৬ সালের অগাস্টে এমন কিছু ঘটেছে যা ১৯০১ সালের পরে হয়নি।
আইএমডি - র আপডেট অনুসারে, ১৯০১ সালের পর ভারতে এমন উষ্ণ অগাস্ট আসেনি। ২০২৬ সালের অগাস্ট সেই অর্থে গত ১০০ বছরের উষ্ণতম অগাস্ট। আইএমডির পরিসংখ্যান বলছে, গত মাসে দেশের গড় তাপমাত্রা পৌঁছেছিল ২৮.০১ ডিগ্রি সেলসিয়াসে। যা ১৯৯১-২০২০ সালের মধ্যে ঘটেনি। ১৯৯১-২০২০ সালে ভারতে অগাস্টের তুলনায় এই বছর অগাস্টে গড় বা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় ০.৬৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ, গত ১২৫ বছরের তাপমাত্রার রেকর্ড দেখলে, ২০২৬ সালের অগাস্টই উষ্ণতম। বর্ষাকাল হওয়া সত্ত্বেও দেশের গড় তাপমাত্রা কেন এমন বৃদ্ধি পেল ? অনেকগুলি ব্যাখ্যা দিচ্ছেন আবহবিদরা।
আইএমডি-সূত্রে খবর, সেপ্টেম্বর মাসেও এই প্রভাবই বজায় থাকবে। এ মাসেও গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। আইএমডি-র বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় মহাপাত্র বিবৃতিতে বলেছেন যে, বর্তমানে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হয়েছে। তা ভারতের আবহাওয়ার উপরও যথেষ্টভাবেই প্রভাব ফেলছে। এর ফলে মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগর জুড়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা (এসএসটি) স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি এখন। আগামী মাসগুলোতে এই পরিস্থিতি আরও প্রকট হবে। তারই পরোক্ষ ফল পড়বে ভারতের আবহাওয়ায়। বিশেষজ্ঞ মহাপাত্র জানিয়েছেন, ২০২৬ সালে যেমন গড় তাপমাত্রা এখন, তেমনটা দেখা যায়নি গত ১২৫ বছরে। ভারতে এটাই ১৯০১ সালের পর সবচেয়ে উষ্ণতম অগাস্ট। গড় তাপমাত্রা ২৮.০১ ডিগ্রি সেলসিয়াস।
২০২৬ সালের আগস্ট মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩৬ ডিগ্রি । আইএমডি জানিয়েছে,সেপ্টেম্বরে বৃষ্টিপাতের হারও কমই থাকবে। আর এই স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির একটি প্রধান কারণই হল নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী এল নিনো পরিস্থিতি।
