কলকাতা : ঋতু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শরীরের নানা অস্বস্তি। একদিকে আবহাওয়ার ওঠানামা, অন্যদিকে দূষণের বাড়বাড়ন্ত। সব মিলিয়ে ভাইরাসের সংক্রমণ এবং অ্যালার্জিজনিত সমস্যা, দু’য়েরই প্রকোপ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই ধরনের উপসর্গ বেশি দেখা যাচ্ছে। তবে জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খাওয়াবেন ? নাকি সময় নষ্ট না করেই করাবেন ডেঙ্গি - ম্যালেরিয়ার পরীক্ষা ? কী মনে করছেন চিকিৎসকরা ? এই নিয়ে এবিপি আনন্দ-র সঙ্গে কথা বললেন শহরের বিশিষ্ট চিকিৎসকরা।
মরশুম পরিবর্তনের সময় ভাইরাসের সক্রিয়তা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তার সঙ্গে দূষণ ও বাতাসে ছড়িয়ে থাকা বিভিন্ন অ্যালার্জেন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে সাধারণ ভাইরাল সংক্রমণের পাশাপাশি অ্যালার্জির সমস্যাও বাড়তে পারে। ভাইরাল জ্বরের ক্ষেত্রে সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যেই উপসর্গ কমে আসে। এই প্রসঙ্গে চিকিৎসক অজয় সরকারের বক্তব্য, ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাল সংক্রমণে অধিকাংশ ক্ষেত্রে প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধের প্রয়োজন হয় না। অযথা একাধিক ওষুধ খাওয়ার বদলে জ্বরের গতিপ্রকৃতি এবং অন্যান্য উপসর্গের দিকে নজর রাখা জরুরি। তবে জ্বরের সঙ্গে যদি তীব্র কাঁপুনি, প্রচণ্ড গা-হাত-পায়ে ব্যথা কিংবা চোখে ব্যথার মতো উপসর্গ থাকে, তা হলে বিষয়টিকে সাধারণ ভাইরাল জ্বর ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। ডেঙ্গির পাশাপাশি ম্যালেরিয়া পরীক্ষা এবং কমপ্লিট ব্লাড কাউন্ট (CBC) করিয়ে নিতে পারেন।
ডেঙ্গি না ভাইরাল জ্বর, কী ভাবে বুঝবেন?
সাধারণ ভাইরাল জ্বর এবং ডেঙ্গির কিছু উপসর্গের মধ্যে মিল থাকায় অনেক সময় প্রাথমিকভাবে পার্থক্য করা কঠিন হতে পারে। কিন্তু জ্বরের সঙ্গে প্রচণ্ড শরীর ব্যথা, চোখের পিছনে বা চোখে ব্যথা এবং কাঁপুনি থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে নেওয়াই নিরাপদ। বিশেষ করে জ্বর দীর্ঘস্থায়ী হলে কিংবা শারীরিক অবস্থার অবনতি ঘটলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের কাছে যেতে হবে।
দূষণ ও মরশুম পরিবর্তনে বাড়ছে অ্যালার্জির সমস্যা
চিকিৎসক জয়দেব রায় বললেন, শুধু ভাইরাস নয়, এই সময়ে বিভিন্ন ধরনের অ্যালার্জেনও শারীরিক সমস্যার অন্যতম কারণ হয়ে উঠছে। বাতাসে থাকা বিভিন্ন উপাদান শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। ফুলের রেণু-সহ নানা ধরনের অ্যালার্জেনের পাশাপাশি ভাইরাসও শরীরে এমন প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। ভাইরাসের সংক্রমণের পাশাপাশি অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে। ফলে সর্দি, কাশি, শ্বাসকষ্ট কিংবা বুকে অস্বস্তির মতো উপসর্গ দেখা দিলে তার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা বোঝা জরুরি। শিশুদের সামান্য জ্বর, সর্দি বা কাশি হলেই অনেক অভিভাবক অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য তাড়াহুড়ো করেন। কিন্তু চিকিৎসকের মতে, এই প্রবণতা একেবারেই ঠিক নয়। অ্যান্টিবায়োটিকের ব্যবহার হওয়া উচিত যথেষ্ট বিচার-বিবেচনা করে। ভাইরাসজনিত সংক্রমণে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। তাই প্রয়োজন ছাড়া এই ধরনের ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে।
চিকিৎসক সুমন পোদ্দারের বক্তব্য, দীপাবলির পর বাতাসে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। আবহাওয়ার পরিবর্তন, রাতের তাপমাত্রার ওঠানামা এবং দূষণের প্রভাব, সব মিলিয়ে ভাইরাসের সংক্রমণ ছড়ানোর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। একই সঙ্গে বাড়ছে অ্যালার্জিজনিত সমস্যাও। তিনি আরও বলেন, অ্যালার্জি এবং সংক্রমণের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। যেসব শিশুর আগে থেকেই ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি এবং বুকে সংক্রমণের সমস্যা তুলনামূলক বেশি হতে পারে। অর্থাৎ যাদের শ্বাসনালির সমস্যা আগে থেকেই রয়েছে, মরশুম পরিবর্তনের সময় তাঁদের বাড়তি সতর্কতা প্রয়োজন। দূষণ ও ভাইরাসের সংস্পর্শে এলে তাঁদের শারীরিক সমস্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কী বলছে স্বাস্থ্য দফতর?
স্বাস্থ্যমন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায় ঋতু পরিবর্তনের সঙ্গে রোগের প্রকোপের পরিবর্তনও জনস্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য দফতরের তরফে বিভিন্ন জনস্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে জনস্বাস্থ্য পরিষেবা এবং মরশুম পরিবর্তনের সঙ্গে রোগের প্রাদুর্ভাবের পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। চিকিৎসকদের মতে, এই সময়ে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, মাথাব্যথা কিংবা গা-হাত-পায়ে ব্যথার মতো উপসর্গ অনেকের মধ্যেই দেখা যেতে পারে। তবে প্রতিটি জ্বরের কারণ এক নয়। কোথাও ভাইরাল সংক্রমণ, কোথাও অ্যালার্জি, আবার কোথাও ডেঙ্গি বা ম্যালেরিয়ার মতো সংক্রমণও থাকতে পারে।
