ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: পয়লা জুন থেকে বিনামূল্য়ে সরকারি বাস পরিষেবা পাবেন মহিলারা। কিন্তু সরকারি বাসই তো হাতে গোনা! মহিলারা এই সুবিধা পাবেন কীভাবে? তৃণমূল জমানায় সরকারি পরিবহণের যা হাল হয়েছে, তাতে হতাশ প্রমীলারা। ক্ষমতায় এসেই কথা রেখেছে বিজেপি। সরকারি বাসে মহিলাদের যাতায়াত 'ফ্রি' করে দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। পয়লা জুন থেকে এই পরিষেবা চালু হচ্ছে। কিন্তু এই সুবিধা নিতে গেলে তো সরকারি বাস পেতে হবে! নিত্য়যাত্রীদের প্রশ্ন, সেরকম পর্যাপ্ত সরকারি বাস রাস্তায় আছে কোথায়? গত ১৫ বছরের তৃণমূল জমানায় সরকারি বাসের সংখ্য়া যে হারে কমেছে, তা নিয়ে রীতিমতো হতাশ তাঁরা।
অপ্রতুল বাস, কী বলছেন মহিলারা?
বেহালার বাসিন্দা দেবলীনা দত্ত বলছেন, 'যদি একটা (বাস) ৫টায় বেরোয়, পরের বাস বেরোয় ৬.৫০-এ। ফ্রিকোয়েন্সিটা যদি অফিস টাইমে একটু বাড়ানো যায়, আমাদের নিত্য যাত্রীদের একটু সুবিধা হয়।' মেঘনা চৌধুরী বলে আরেক নিত্যযাত্রী বলছেন, 'যদি না থাকে তাহলে তো অসুবিধায় পড়বে। তাহলে লাভটা কী? সুবিধা হবে, কিন্তু ফ্লুয়েন্সি তো বাড়াতে হবে। খালি বলে দিলাম AC দিচ্ছে, এই দিচ্ছে, কিন্তু সংখ্যাটা তো বাড়াতে হবে।' রিয়া দে বলে আরেক নিত্যযাত্রী বলছেন, 'বাসের সংখ্যা ভীষণ কম। আগে তো বাসের ভাড়া বেশি ছিল না। কিন্তু যদি বাসের সংখ্যা না বাড়ানো হয়, তাহলে এই ফেসিলিটি দিয়েই বা কী লাভ হবে? আমি রাজ্য সরকারের কাছে নিবেদন করব, যেন বাসের সংখ্যা বাড়ানো হয়।'
ফ্রি-তে চড়া যাবে, কিন্তু মিলবে তো বাস?
গত কয়েক বছরে ভাড়া বাড়েনি ঠিকই। কিন্তু, সরকারি বাসের সংখ্য়াও ছিটেফোঁটা বাড়েনি। উল্টে উল্লেখযোগ্য় হারে কমেছে। বেশ কিছু রুটে সরকারি বাস চলাচল কার্যত বন্ধই হয়ে গেছে। সরকারি বাস সংস্থাগুলোও ধুঁকছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাজ্য সরকার মহিলাদের সুবিধা দিতে চাইছে ঠিকই, কিনতু তৃণমূল জমানায় সরকারি পরিবহণের যা হাল হয়েছে, তাতে এই সুবিধা যাত্রীরা নেবেন কী করে? অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা বলছেন, 'কলকাতা শহর বা সংলগ্ন এলাকায় সরকারি বাসের অপ্রতুলতা এমন যে এটা মানুষকে যে সুবিধা দিতে পারত, মহিলাদের যে সুবিধা দিতে পারত, তা যথেষ্ট হবে না, কারণ বাসের সংখ্যা অত্যন্ত কম। ++ মহিলাদের যদি এই সুবিধা দিতে হয়, তাহলে সবথেকে আগে যেটা করতে হবে যে, সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে। কলকাতা শহরে একটা সময়ে প্রায় ১৫০০ বাস চলত, কলকাতা শহরে, সরকারি বাস। এখন সেটা কমে দাঁড়িয়েছে ৬০০-৬৫০। সেই বাস চালানোরও লোক নেই।'
রাজ্যে সরকার বদলেছে। এবার কি হাল ফিরবে সরকারি বাস পরিষেবার? বিনামূল্য়ে সরকারি বাস পরিষেবার সুবিধা যাতে যথার্থভাবে সকলে নিতে পারেন, সেরকম পর্যাপ্ত বাস নামবে রাস্তায়?
