গৌতম মণ্ডল , কলকাতা : জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হল মগরাহাট পশ্চিমের ২ তৃণমূল নেতাকে। ২০২০ সালে ডায়মন্ড হারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা হয়। ওই হামলার সঙ্গে এই ২ নেতার যোগসাজশের যোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ধৃতদের নাম রিপন শেখ ও সঞ্জীব মণ্ডল। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে এলাকায় বাইক বাহিনী নিয়ে সন্ত্রাস চালানোর অভিযোগও রয়েছে। নাড্ডার কনভয় হামলার ঘটনায় তাঁদের ঠিক কী ভূমিকা ছিল, অস্ত্রগুলি কোথা থেকে এল এবং অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ছয় বছর আগের কথা। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে ছিল বিজেপির সভাপতি জেপি নাড্ডার কর্মিসভা। হাইভোল্টেজ এই সভা ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছিল আগেই। কিন্তু সেই সভায় পৌঁছনোর পথেই নজিরবিহীন ঘটনা ঘটে। ডায়মন্ড হারবারের হামলা হয় জে পি নাড্ডার কনভয়ে। নাড্ডার সভার তার ২০ কিলোমিটার আগে শিরাকোল মোড়ে তৎকালীন দক্ষিণ ২৪ পরগনা জেলা যুব তৃণমূল সভাপতি শওকত মোল্লা ও মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লার নেতৃত্বে পথসভা ছিল তৎকালীন শাসকদলের। বিষ্ণুপুর থানার আমতলা মোড় পৌঁছতেই যানজটে আটকে যায় নাড্ডার কনভয়। তারপর নাড্ডার গাড়ি লক্ষ্য করে উড়ে আসে লাঠি, পতাকা লাগানোর ডান্ডা। নাড্ডার গাড়ির পিছনের গাড়িগুলির ওপরে শুরু হয় ইটবৃষ্টি। এরইমধ্যে চলন্ত বাইক নিয়ে পড়ে যান কনভয়ের মধ্যে থাকা এক বিজেপি কর্মী । তৎকালীন বিজেপি সভাপতির নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনওক্রমে তাঁর গাড়িকে সেখান থেকে বের করে আনেন। দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতো বিজেপি নেতাদের গাড়ি ভাঙচুর করা হয়। সেই ঘটনাতে প্রশ্নের মুখে পড়েছিল পুলিশের ভূমিকা। ইটের আঘাতে আহত হন কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি সভাপতি-সহ কনভয়ে থাকা কেন্দ্র ও রাজ্য স্তরের একাধিক নেতার গাড়ি লক্ষ্য করে দফায় দফায় চলে হামলা। তারপর তিন IPS অফিসারকে নিয়ে কেন্দ্র এবং রাজ্য় সরকারের মধ্য়ে বিস্তর চাপানউতোর চলে। কিন্তু, শেষ অবধি তাঁদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হয়নি।
এখন এই ধৃতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার।
