পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদার, কলকাতা:যাদবপুরে তাণ্ডবের ঘটনায় প্রায় চারদিন পার হয়ে গেছে। কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেফতার তো দূরের কথা, এখনও কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি পুলিশ। সামনে আসা সিসিটিভি ফুটেজে ইতিমধ্যেই বহিরাগতদের ছবি স্পষ্ট। তারপরেও কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকায় উঠতে শুরু করেছে প্রশ্ন। 

আরও পড়ুন, শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?

 যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের ঘটনার পর প্রায় ৪ দিন কেটে গেছে। ইতিমধ্যেই সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। তাতে কার্যত পরিষ্কার বোঝা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কারা ঢুকছে, কীভাবে তাণ্ডব চালিয়েছে।কিন্তু এতকিছুর পরেও, যাদবপুরের তাণ্ডবের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সূত্রের দাবি, কাউকে ডেকে এখনও জিজ্ঞাসাবাদও করা হয়নি। এমনকী বিশ্ববিদ্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেননি তদন্তকারীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  সেলিম বক্স মণ্ডল বলেন, পুলিশের সঙ্গে কথা হয়েছে। ওনারা সোমবার দিন আসবেন। আমাদের সঙ্গে কথা বলবেন। ওদের যা প্রয়োজন, প্রয়োজনীয় যা চাইবেন, আমরা সহযোগিতা করব।  সিসিটিভি ফুটেজটাই আপাততভাবে চেয়েছে।  কালকে রাত্রিবেলায় করেছে, ওরা সোমবার দিন আসবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মোট ৫৫টিরও বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। তার মধ্যে একাধিক ক্যামেরায় বুধবার রাতের তাণ্ডবের ছবি ধরা পড়েছে।  ৪ নম্বর গেট দিয়ে ঢুকেই বহিরাগতরা চলে যায় পিজি সায়েন্স বিল্ডিংয়ের দিকে। সেই ছবিও ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। তাণ্ডবের সময়ে কার কী ভূমিকা ছিল, তা মোটামুটি স্পষ্টভাবেই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। কিন্তু সেই ফুটেজই এখনও সংগ্রহ করেনি পুলিশ। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাণ্ডবের ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস বলেন,  স্থানীয় বিধায়ক যখন তাণ্ডবে নেতৃত্ব দেওয়ার কথা বলছেন এবং সেইমতো তাণ্ডব যখন হচ্ছে, ফলে সেই তাণ্ডবের প্রতিকার করতে পুলিশ-প্রশাসন খুব সক্রিয় হবে সেটা আশা করা খুব ভুল।  সিসিটিভিতে বহু অভিযুক্তকে দেখা যাওয়ার পরেও, তাঁদের বিরুদ্ধে কোনও গ্রেফতারিও নেই এই পর্যন্ত। 

এদিকে তদন্তে ঢিলেমি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার বলেন, পুলিশ তদন্ত করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগে আমরা এ ধরনের ঘটনা দেখেছি। ওখানে বামপন্থীরা, তাঁরা ভেবেছে যে ওটা তাঁদের পৈত্রিক সম্পত্তি হয়ে আছে। ওঁরা যা ইচ্ছে তাই করবে। যা ইচ্ছে করা যাবে না।  ভারত বিরোধী কোনও কাজকে আমরা পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করতে দেব না। 'এরইমধ্যে রবিবার যাদবপুরের ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।