উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা :  ঝুকেগা নেহি বলে, শেষমেশ ঝুঁকলেনই! শুধু বিজেপিকে ময়দান ছেড়ে দিয়ে সরে দাঁড়ানো নয়, এবার শুভেন্দু অধিকারীর উন্নয়ন-প্যাকেজের প্রশংসাও শোনা গেল জাহাঙ্গির খানের মুখে। ফলতা উপনির্বাচনের আর মাত্র ১ দিন বাকি। তার আগেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন।  জাহাঙ্গির খান জানিয়েছেন, তিনি চান ফলতায় শান্তি বজায় থাকুক এবং এলাকার আরও উন্নয়ন হোক। তাঁর কথায়, “সোনার ফলতা” গড়ে তোলাই তাঁর স্বপ্ন ছিল। সেই কারণেই ফলতার উন্নয়নের জন্য যে বিশেষ প্যাকেজের কথা বলা হয়েছে, তা বাস্তবায়িত হলে এলাকার মানুষ উপকৃত হবেন বলেও ইঙ্গিত দেন তিনি। সকলকে অবাক করে দিয়ে ফলতার স্বঘোষিত পুষ্পা বললেন, 'আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভাল থাকুক। ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য যে স্পেশাল প্যাকেজ দিচ্ছেন...' 

Continues below advertisement

এদিন তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়,  ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে জাহাঙ্গির খান যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। তৃণমূলের বিধায়ক ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'আমার প্রশ্ন হচ্ছে যদি ভয়ের পরিবেশই হবে, তাহলে পুষ্পা, সে তো ঝুকেগা নেহি, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটায় প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস বস বস বলে সব ভিডিও আসত, সেই প্রার্থী হঠাৎ ভয় পেলে গেল কেন, সেই ধরনের প্রার্থীর হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন, এটা তো দলের পক্ষে খুব ভাল বিজ্ঞাপন নয়।' 

ফলতা জুড়ে তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ । এটার বিষয়ে কী বললেন তিনি। জাহাঙ্গিরের কথায়, 'যদি সাধারণ মানুষ করেন, তারা যেটা ভাল বুঝেছে সেটা বলছেন। আমার এখানে বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনওদিন খারাপ ব্যবহার করিনি। যারা বলছে তারা হয়তো আমাকে নিজেই চেনে না। আমাকে হয়তো জানে না।' 

Continues below advertisement

যুদ্ধের আগে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী। তবে বৃহস্পতিবারের পুনর্নির্বাচনে EVM-এ তাঁর নাম থাকবে। রবিবার ফলতায় পুনর্নির্বাচনের ফলপ্রকাশ।