পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বিধানসভায় গুণ্ডাদমন বিল পাশ হওয়ার ঠিক পরদিনই গত বিধানসভা ভোটে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরাট সম্পত্তির হদিশ পেল পুলিশ। প্রচুর টাকা-কড়ি ও জমিজমা রয়েছে এই স্বঘোষিত 'পুষ্পা'র ও তাঁর স্ত্রীর নামে। মনে রাখতে হবে, গুণ্ডাদমন বিলে অভিযুক্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের সংস্থান রয়েছে।
আগেই গ্রেফতার হয়েছেন ফলতার ত্রাস জাহাঙ্গির খান। জালে জড়িয়েছেন তাঁর স্ত্রীও। আর এবার সস্ত্রীক ধৃত তৃণমূল নেতার সম্পত্তির খতিয়ান দেখে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। পুলিশ সূত্রে দাবি, নামে-বেনামে বিপুল সম্পত্তির অধিকারী ফলতার 'পুষ্পা' ও তাঁর স্ত্রী। হদিশ মিলেছে প্রায় ৬০-টির মতো দলিলের। পুলিশের দাবি, ফলতা, দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গা জুড়ে রয়েছে এই বিপুল পরিমাণে সম্পত্তি। ইতিমধ্যেই সেসব সম্পত্তির তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা। পুলিশ মনে করছে, এছাড়াও বেনামেও বিপুল পরিমাণে সম্পত্তি থাকতে পারে তাদের।
গত , ১৬ মে, জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়াতে, তাঁরই স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। পুলিশ, RAF-এর সামনেই প্রবল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে 'পুষ্পা বাহিনী'। যদিও, 'পুষ্পা-বাহিনীর' সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়। এই ঘটনার পর বুধবার ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। দেন সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি। এরপর গতকাল বিধানসভা থেকেও পাস হয়েছে গুন্ডা-দমন বিল। বিল নিয়ে বলতে গিয়ে ফের গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি শোনা যায় তাঁর মুখে। সোমবার বিধানসভায় পাস হয়ে গেল গুন্ডা-দমন সংক্রান্ত ২টি বিল। এবার আইনশৃঙ্খলার গুরুতর অবনতি থেকে হিংসাত্মক বিক্ষোভের আঁচ পেলে, এবার ঘটনা ঘটার আগেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এছাড়া যে কোনও সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে আরেকটি বিলে। এই বিল পাশের কয়েকঘণ্টার মধ্যেই জাহাঙ্গিরের এইসব বেহিসেবি সম্পত্তির হদিশ। এসব তিনি অর্জন করলেন কীভাবে? স্থানীয়দের অভিযোগ এই বিপুল পরিমান জমি-টাকা তোলাবাজি করে, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে পাওয়া।
এবার গুন্ডামি করলে আর নিস্তার নেই। বিধানসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিক্ষোভ-প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তদেরই ঘটিবাটি বেচে ক্ষতিপূরণ আদায় করবে সরকার। সোমবার বিধানসভায় গুন্ডা দমন বিল পাস করাতে গিয়ে, ছত্রে ছত্রে সেটাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার জাহাঙ্গির ও তাঁর স্ত্রীর এই সব সম্পত্তি নিয়ে কী করবে প্রশাসন? উত্তর মিলবে শিগগিরিই।
আরও পড়ুন : ভয়ঙ্কর প্রকৃতি ! হু-হু করে গলল হিমবাহের জল, হড়পা বানে ভেসে গেল রাস্তা, আটকে সারি সারি গাড়ি
