কলকাতা: আজ থেকেই SIR-প্রক্রিয়ায় অংশ নেবেন জুডিশিয়াল অফিসাররা। তার আগে গতকাল দিনভর চলল প্রস্তুতি। সকালে হল বৈঠক, বিকেলে ভার্চুয়াল ট্রেনিং। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, প্রত্যেক বিচারপতির জন্য আলাদা করে লগ ইন আইডি তৈরি করা হবে। সেখানে সরাসরি মতামত জানিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন তারা।  

Continues below advertisement

প্রস্তুতি প্রায় সাড়া। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, সোমবার থেকেই SIR প্রক্রিয়ার চূড়ান্ত যাচাই পর্ব শুরু করতে চলেছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসার অর্থাৎ জেলা ও অন্যান্য আদালতের বিচারকরা।

তার আগে রবিবার সকাল থেকেই তৎপরতা ছিল তুঙ্গে। রবিবার নির্বাচন কমিশনের তরফে পর্যবেক্ষক ও মাইক্রো অবজার্ভারদের সঙ্গে বিচারকদের একাংশের বৈঠক হয় কলকাতার টি-বোর্ডের অফিসে। 

Continues below advertisement

নির্বাচন কমিশন সূত্রের খবর, মূলত কোন কোন নথি এবং কোন প্রক্রিয়ার ভিত্তিতে চূড়ান্ত এই যাচাই পর্ব চলবে, তা নিয়ে আলোচনা হয়। সকালে এই বৈঠক হয়ে যাওয়ার পর বিকেলে হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকাররা ফের একদফা বৈঠকে বসেন। সূত্রের খবর, অনলাইনে জেলা বিচারকদের ভার্চুয়াল প্রশিক্ষণও দেওয়া হয়। 

অন্যদিকে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, প্রত্যেক বিচারকের জন্য আলাদা লগ ইন আইডি তৈরি করা হয়েছে। এক্ষেত্রে কমিশনের পোর্টালে নির্দিষ্ট জায়গায় গিয়ে নাম ও ফোন নম্বর দিলে বিচারকদের কাছে OTP আসবে। সেই OTP দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর বিচারকের জন্য নির্দিষ্ট করে রাখা এলাকার যাচাইয়ের অপেক্ষায় থাকা ভোটারদের তথ্য খুলবে। 

সূত্রের খবর, স্ক্রিনের বা দিকে থাকবে সংশ্লিষ্ট ভোটারের এনুমারেশন ফর্ম। তার জমা করা সমস্ত নথি। আর ডান দিকে থাকবে BLO, ERO, AERO, মাইক্রো অবজার্ভারদের পর্যবেক্ষণ। এগুলি যাচাই করার পর তিনি সেই ভোটারকে ছাড়পত্র দিচ্ছেন কিনা, তা জানাতে হবে টিক মার্কের মাধ্যমে। পাশাপাশি পর্যবেক্ষণ লেখার জন্যও থাকবে আলাদা জায়গা। 

স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত বলেন, 'আগামীকাল থেকেই কাজ শুরু হচ্ছে নথি যাচাই এর। বিধানসভা ভিত্তিক জুডিশিয়াল অফিসার পাওয়া যাবে। জেলা জজ যারা নথি যাচাই করবেন তাদের জন্য আলাদা একটি বিশেষ পোর্টাল আজকের মধ্যে তৈরি হয়ে যাবে।' 

সুপ্রিম কোর্টর নির্দেশের পরে, শনিবার সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে বৈঠক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বৈঠকের পর শনিবার রাতেই SIR-নিষ্পত্তিতে বিচারকদের তালিকা প্রকাশ করা হয় হাইকোর্টের তরফে। রাজ্যের বিচারবিভাগীয় সচিবকে দেওয়া চিঠিতে হাইকোর্টের রেজিস্ট্রার জানিয়েছেন, জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন NDPS ও পকসো মামলার ১০০ জন বিচারক। অন্যান্য কোর্ট থেকে আরও ১৫০ জন বিচারক জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন। 

সামনে পাহাড়-প্রমাণ কাজ। SIR-এর চূড়ান্ত পর্বে লক্ষ লক্ষ ভোটারের নথির ফাইনাল যাচাই এখনও বাকি।