কলকাতা: আর জি কর মামলা (RG Kar - Abhaya Case) নিয়ে বড় আপডেট। এই মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি রাজাশেখর মান্থার (Hon'ble Justice Rajasekhar Mantha) ডিভিশন বেঞ্চ। এর ফলে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ফেরত গেল এই মামলা। "মামলার জন্য জুডিশিয়াল কমিশন গঠনের কথা শোনা যাচ্ছে। তাই এই মুহূর্তে এই মামলা শোনার প্রয়োজন নেই। মামলা শুধুমাত্র মামলাকারীর জন্য গুরুত্বপূর্ণ নয়। এই মামলার দিকে রাজ্য ও গোটা দেশের মানুষ তাকিয়ে", মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার।     

আরও পড়ুন: 'কেউ যদি অমান্য করার চেষ্টা করে...', কাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি মনোজ আগরওয়ালের?

বিচারপতি রাজাশেখর মান্থার বক্তব্য, তিনি শুনেছেন আর জি করের ঘটনায় একটা জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। আর যদি এই জুডিশিয়াল কমিশন গঠন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে যে বিচার প্রক্রিয়া বা পরবর্তী যে তদন্ত রয়েছে, তা ওই কমিশনের সদস্যরা খতিয়ে দেখবেন। আর সেই কারণেই বিচারপতি রাজাশেখর মান্থা মন করছেন কলকাতা হাইকোর্টের ওই মামলা শোনার আর কোনও দরকার নেই। সেই কারণেই তিনি এই মামলা ফেরত পাঠিয়েছেন প্রধান বিচারপতির কাছে।     

এই যে জুডিশিয়াল কমিশন তৈরি করার কথা রয়েছে তা যদি কোনও কারণে তৈরি করা না হয়, তাহলে মাননীয় প্রধান বিচারপতি কিছু পদক্ষেপ করতে পারেন। তিনি চাইলে সেই সময় এই মামলার জন্য আলদা কোনও বেঞ্চ তৈরি করেও এই মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু আপাতত এই মুহূর্তে এই মামলায় কোনও হস্তক্ষেপ করছে না কলকাতা হাইকোর্ট।     

আরও পড়ুন: যোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন, সন্তানতুল্য শুভেন্দুর কৃতিত্বে খুশি প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি

আর জি কর মামলার ক্ষেত্রে পরিবারের তরফে বক্তব্য ছিল তাদের কাছে যে প্রমাণ বা নথি ছিল, তা সিবিআই একটা পর্যায়ে খতিয়ে দেখেনি। তাঁদের অভিযোগও সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখেনি। এ ছাড়াও এই মামলার তদন্ত যে সঠিক ভাবে হয়েছে, সেটাও মনে করছে না নির্যাতিতার পরিবার। এ ছাড়াও নির্যাতিতার পরিবার বলছেন এই মামলায় গণধর্ষণের কোনও ধারা দেওয়া হয়নি। এর আগে এই মামলার তদন্ত ঠিক করে হয়নি বলেও কলকাতা হাইকোর্টে অভিযোগ করেছিল নির্যাতিতার পরিবার।