বাপন হালদার, খানাকুল, হুগলি: ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জের। ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়া হচ্ছে। এর ফলে জলস্তর বেড়েছে বিভিন্ন নদীর। তার জেরে জলে ডুবেছে খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল। পরিস্থিতির আরও অবনতি হওয়ায় খানাকুল অঞ্চলে যে সব ফেরি পরিষেবা চলাচল করে, সেগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। আর ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা।           

Continues below advertisement

আরও পড়ুন: নিউ ফারাক্কায় রেললাইনে ধস, আজ বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন, ঘুরিয়ে চালানো হচ্ছে বেশ কিছু মেল - এক্সপ্রেস

ইতিমধ্যেই খানাকুল-১, জগৎপুর, মাড়োখানা ও ধান্যঘোরী পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে জল ঢুকতে শুরু করেছে। কোথাও একতলা বাড়ি সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে। ঘরবাড়ি জলমগ্ন হওয়ায় বহু মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। কেউ কেউ বাড়ির ছাদে ত্রিপল টাঙিয়ে অস্থায়ীভাবে বসবাস করছেন।           

Continues below advertisement

এলাকার বহু রাস্তা এখন জলের তলায়। যাঁদের বাড়ি একটু উঁচু জায়গায়, তাঁদের বাড়ি থেকে বেরিয়ে কোথাও হাঁটুজল, আবার কোথাও কোমরসমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেক জায়গায় বাড়ি থেকে বেরোনো ও যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠেছে নৌকা।           

আরও পড়ুন: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?

মাড়োখানা এলাকার সুন্দরপুর, চাঁদকুণ্ডু, বউবাজার, বারনন্দনপুর এবং জগৎপুর-সহ একাধিক গ্রামে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদীর জলস্তর আরও বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।           

স্থানীয়দের উদ্বেগ, ডিভিসি যদি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ায়, তাহলে খানাকুলের অপেক্ষাকৃত নিচু এলাকাগুলিতে জলমগ্ন পরিস্থিতি আরও ভয়ংকর হবে। ইতিমধ্যেই বানভাসি মানুষদের মধ্যে ত্রাণ ও পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগে ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত ত্রাণ দেওয়া ও দ্রুত উদ্ধারকাজ করার দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।           

অন্যদিকে, বাঁধ উপচে জল ঢুকছে উদয়নারায়ণপুরের বিভিন্ন গ্রামে। ইতিমধ্যেই আজ সকাল থেকে উদয়নারায়ণপুর ব্লকের নদী সংলগ্ন একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। ডিহিভুরশুট যাওয়ার রাস্তায় একাধিক জায়গা জলমগ্ন। প্রশাসন ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করছে বলে জানা গিয়েছে।