কলকাতা : নভেম্বরের শেষেই কলকাতা ও হাওড়ায় পুরভোট হওয়ার সম্ভাবনা। তার আগে শুক্র ও শনিবার পুরভোটের প্রার্থী তালিকা ঠিক করতে বৈঠকে বসছে বিজেপি। সূত্রের খবর, বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। সূত্রের খবর, এ মাসের শেষেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে নিতে পারে রাজ্যের শাসকদল। কিন্তু তার আগেই তুঙ্গে জল্পনা , কারা প্রার্থী হবেন ? কলকাতা পুরভোটে NCPI–র সঙ্গে বিজেপির জোট হবে কি না, তাও এখনও স্পষ্ট নয়। সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদাররা বারবার বলেছেন, তাঁরা জোট করতে চান। কিন্তু, বিজেপির তরফ থেকে কোনও সাড়া নেই। জল্পনা শোনা যাচ্ছে, অনেক তৃণমূল কাউন্সিলর নাকি যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। তবে কি তাঁরাও বিজেপি প্রার্থী হতে পারেন ? তালিকা প্রকাশ্যে আসার আগেই এই বিষয়ে স্পষ্ট উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীক এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'এখনও পর্যন্ত কে প্রার্থী হবে সেটা আমাদের আলোচনায় ঠিক হয়নি। যেসমস্ত প্রার্থীদের নাম আপনারা করছেন, তাদের প্রত্যেককে শুভ বিজয়া জানাই। তারা ভাল থাকুন, সুস্থ থাকুন। '
পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ' আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা এখনও পর্যন্ত কোনও শরিকি সিট শেয়ারিংয়ের বিষয়ে আলোচনা করিনি।'
এই বিষয়টা নিয়ে অবশ্য বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি মমতা অনুগামী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপির দিকে । বলেন, বিজেপি যদি তৃণমূলের কাউকে প্রার্থী করে, তাহলে বুঝতে হবে, তাঁদের হাতে প্রার্থী করার মতো লোক নেই। বাকি পুরসভাগুলিতে ফেব্রুয়ারি মাসে ভোট হতে পারে।
