অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : বাস যাত্রীদের জন্য সুখবর। উত্তর কলকাতার টালা থেকে এবার সাঁতরাগাছি পর্যন্ত চালু হল নতুন সরকারি বাস পরিষেবা। S 69 রুটের উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও মেয়র পারিষদ অতীন ঘোষ।
অবশেষে প্রতীক্ষার অবসান। নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে, টালা থেকে সাঁতরাগাছি পর্যন্ত চালু হল নতুন বাস রুট S-69। যার ফলে আরও সহজ হবে কলকাতা থেকে হাওড়া সড়কপথে চলাচল। বৃহস্পতিবার, কলকাতার টালা ব্রিজ সংলগ্ন ঘোষবাগান থেকে নতুন এই সরকারি বাস পরিষেবার সূচনা করলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ।
পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "একটা সময় কলকাতায় ট্রাম এবং বাস চলত। তার পরবর্তীকালে কলকাতায় মেট্রো চলে এসেছে। বিকল্প অনেক যান চলে এসেছে। ফলে, বাস রুটের যে অ্যালাইনমেন্ট সেগুলো এখন পরিবর্তন করা খুব জরুরি। কারণ, মেট্রো দিয়ে বহু মানুষ যাচ্ছেন। মেট্রোকে কেন্দ্র করে আমরা নতুন করে বাস রুটের একটা অ্যালাইনমেন্ট তৈরি করার একটা সার্ভে করছি। তা এলে দেখবেন, অনেক রুটে বাস বন্ধ হয়ে যাবে। আবার, অনেক রুটে নতুন করে বাস দেওয়া হবে। এই পর্যায়ের মধ্যে আমরা আছি।"
টালা ব্রিজের পাশে ঘোষবাগান থেকে রওনা হয়ে S 69 বাসটি রিজেন্ট সিনেমা, চিড়িয়ামোড়, মানিকতলা, শিয়ালদা ঘুরে মিন্টো পার্ক, এক্সাইড মোড, PTS ছুঁয়ে পৌঁছবে সাঁতরাগাছিতে। মূলত অতীন ঘোষের উদ্যোগেই নতুন রুট পেলেন কাশীপুর-বেলগাছিয়া এলাকার বাসিন্দারা।
এ প্রসঙ্গে ডেপুটি মেয়র ও কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অতীন ঘোষ বলেন, "আমরা মন্ত্রীর কাছে দরবার করলাম। যে, এখান থেকে একটা বাস রুট দেওয়ার জন্য। এখান থেকে সাঁতরাগাছি স্টেশনে, আমাদের উত্তর কলকাতা থেকে কোনও বাস ছিল না। এখানে পাশে আমাদের ডেন্টাল কলেজ আছে। যেখানে হাওড়া থেকে প্রচুর ছেলে-মেয়ে পড়তে আসে। ফলে, প্রচুর মানুষের এটা সুবিধা হবে। নতুন বাসরুট চালু হল। ফলে, আমার ধারণা সমস্যার অনেক সমাধান হবে।"
আপাতত টালা থেকে সাঁতরাগাছি এই নতুন রুটে কয়েকটি সরকারি বাস চালু হচ্ছে। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী S-69 রুটে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।
