পার্থপ্রতিম ঘোষ,কলকাতা :  কলকাতা শহরের প্রাণকেন্দ্রে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ফের প্রশ্নের মুখে রাতের শহরে মহিলাদের নিরাপত্তা! কলকাতার হো চি মিন সরণি অঞ্চলে এক ভয়াবহ অভিজ্ঞতা হল এক মহিলার। পুলিশ সূত্রে খবর,  চলন্ত ট্যাক্সি থেকে ছিলতাই হল এক  মহিলা যাত্রীর ব্যাগ, টাকাকড়ি, জিনিসপত্র। ড্রাইভার ও তার সঙ্গী মিলে ঘটাল এক ন্যক্কারজনক ঘটনা। 

নাইটআউট করে ফিরছিলেন মহিলা

অভিযোগ, শুক্রবার রাতে নাইটআউট করে ফিরছিলেন ওই মহিলা। হো চি মিন সরণি থেকে তিনি যে ট্যাক্সিতে করে ফিরছিলেন, তার চালক মাঝপথে ট্যাক্সিতে তাঁর এক সঙ্গীকে তুলে নেন। পরে জানা যায়, ওই  ব্যক্তি চালকেরই ভাই। এরপরই মহিলার জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ট্যাক্সির চালক ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। 

২টি গাড়ি  বাজেয়াপ্ত

ঘটনায় ২টি গাড়িকেই বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ২টি সোনার চেন, ২ টি মোবাইল, মহিলার ব্য়াগ, ১৬ হাজার টাকা।             

আগেও এমন ঘটনা

গত ফেব্রুয়ারিতেও বেহালা এলাকায় এক মহিলাকে জোর করে গাড়িতে তুলে নির্যাতনের অভিযোগ ওঠে। এই ঘটনায়   এক অভিযুক্তকে গ্রেফতার করে  পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বেহালা চৌরাস্তার কাছে ওই মহিলাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, গাড়ির মধ্যেই তাঁকে যৌন হেনস্থা করা হয়। নির্যাতনের পর গাড়ির গতি কমিয়ে ধাক্কা মেরে তাঁকে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের গাড়িটি ডায়মন্ড হারবারের কাছে পাওয়া যায়।  শহরে পরপর এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ আশ্বাস দিয়েছে, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

অন্যদিকে, ভোটের মুখে শুক্রবার রাতেই  নাকা চেকিংয়ে কলকাতায় একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। বালিগঞ্জের বিড়লা মন্দিরের কাছে গতকাল রাতে SST-র নাকা চেকিংয়ের সময়ে একটি গাড়ি থেকে ২৫ লক্ষ উদ্ধার হয়। তবে কী কারণে সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে যথাযথ কারণ না দেখাতে পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয়।