Kolkata Metro: ফের অফিস টাইমে মেট্রো দুর্ভোগ। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। ময়দান থেকে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল। দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং টালিগঞ্জ থেকে ব্রিজি এলাকার মধ্যে মেট্রো চলছে বলে খবর। অফিস ছুটির সময় ভর সন্ধ্যায় এভাবে মেট্রো বিভ্রাটের জেরে ভোগান্তি হচ্ছে নিত্যযাত্রীদের। বিভিন্ন স্টেশনে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রীদের ভিড়। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার হয়েছে এবং চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। মেট্রো স্টেশনে ঢুকে এভাবে আত্মহত্যার চেষ্টা ঘটনা যেভাবে বাড়ছে, তাতে মেট্রো স্টেশনের ভিতরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীদের একাংশ।     

Continues below advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্লু লাইনে প্রায় এক ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ ছিল বলে খবর। পরে পরিষেবা চালু হলেও এখনও স্বাভাবিক হয়নি সব জায়গায়। অফিস টাইমে বাড়ছে ভিড়। কতক্ষণে পরিষেবা পুরো সচল হয়, সেটাই এখন দেখার। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা মেট্রোর অন্যান্য লাইনগুলিতে স্টেশনে, মেট্রোতে ওঠার আগে একটি গেট রয়েছে। তার ফলে সহজে কেউ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করতে পারেন না। কিন্তু ব্লু লাইনে সেই সুবিধা নেই। ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় না অনেকক্ষেত্রেই। তার জেরে সমস্যায় পড়েন যাত্রীরা।     

জানুয়ারি মাসের শেষ দিকেও সাতসকালে গন্ডগোল হয়েছিল মেট্রো পরিষেবায় 

Continues below advertisement

গত ২৮ জানুয়ারি সিগন্যাল সমস্যার দরুণ দক্ষিণেশ্বর থেকে বরানগরের মধ্যে মেট্রো চলাচল বন্ধ ছিল সকালের দিকে। সেদিন সকাল ৮.১৫ নাগাদ সিগন্যালে সমস্যা দেখা দেয় বলে জানা গিয়েছিল মেট্রো রেল সূত্রে। কাজের দিনে সাতসকালে এভাবে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছিলেন নিত্যযাত্রীরা। গন্তব্যে পৌঁছনোর জন্য যথেষ্ট নাকাল হতে হয় তাঁদের।    

ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট, কলকাতা মেট্রোর ক্ষেত্রে নতুন ঘটনা নয়। কখনও সিগন্যালিংয়ের সমস্যা, কখনও বা রেকের সমস্যা, কখনও লাইনে ত্রুটি, কখনও বা অন্য কোনও যান্ত্রিক ত্রুটি - বারংবার ব্যাহত হয় মেট্রো পরিষেবা। আর তার জেরে অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। মেট্রোর এ হেন পরিষেবার জেরে স্বভাবতই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। প্রায় সকলেরই কাজের জায়গায় যেতে দেরি হচ্ছে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না যাত্রীরা।