কলকাতা: একেবারে ব্যস্ত অফিস টাইমে বড় রাস্তার ধারে পুজো কমিটির অফিসে ঢুকে তাণ্ডব, ভাঙচুর। আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি। অভিযোগ ঘিরে সরগরম গড়িয়া চত্বর। 

কলকাতা শহরের অন্যতম বড় পুজোগুলির একটি হল গড়িয়া মিতালি সঙ্ঘের নবদুর্গা। গতকাল সকাল সাড়ে ১০টা নাগাদ গড়িয়া নবদুর্গা পুজো কমিটির অফিসে তাণ্ডব চলে বলে অভিযোগ। ভেঙে চুরমার ক্লাব অফিসের মেঝের টালি। দেওয়াল থেকে আছড়ে ফেলা হয়েছে ফ্যান। এমনকি আলমারি ভেঙে টাকা ছিনতাইয়ের অভিযোগ পর্যন্ত উঠেছে। 

ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, গাঙ্গুলি গ্রুপের প্রোমোটার অমিত গঙ্গোপাধ্যায় লোকজন দিয়ে এই হামলা করিয়েছেন। রাতে গড়িয়া নবদুর্গা পুজো কমিটির তরফে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গাঙ্গুলি গ্রুপের প্রোমোটার অমিত গঙ্গোপাধ্যায়। অভিযোগ মানতে নারাজ গাঙ্গুলি গ্রুপের আরেক ব্যবসায়িক পার্টনার সন্দীপ প্রামাণিকও।