রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : গড়িয়ার নবগ্রামে ফ্ল্য়াটের ভিতর থেকে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। মৃতের নাম অরূপ মণ্ডল, বয়স ৩৭। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতের এক বন্ধু ও এক বান্ধবীকে। আবাসিকদের একাংশের দাবি, ফ্ল্য়াটে একাই থাকতেন যুবক। গতকাল রাত ১টা নাগাদ বিকট শব্দ পান তাঁরা। এরপরই তাঁকে নিজের ফ্ল্য়াটে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন আবাসিকদের একাংশ। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানা এবং যুবকের বাবা-মাকে। পুলিশ সূত্রে দাবি, মৃতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।
আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। সেদিন ভোট গ্রহণ হবে ১৫২টি আসনে। তার আগে এভাবে ফ্ল্যাট থেকে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়ার নবগ্রাম এলাকায়। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতেন অরূপ। মৃতের পরিবারের দাবি, রবিবার মধ্যরাতে প্রায় একটা নাগাদ এক পরিচিত ব্যক্তির মাধ্যমে গোটা বিষয়টির খবর পান অরূপের মামা শংকর নস্কর। এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে মৃতের মাথায় আঘাতের চিহ্ন মিলেছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং তাঁর এক বন্ধু রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত অরূপের বান্ধবী এবং বন্ধুকে। অরূপের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা এবং বন্ধু রাজুর কোনও যোগ রয়েছে কিনা তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। কেন অরূপকে গুলি করে খুন করা হল, কারা এই কাণ্ড ঘটাল, কেনই বা এমন মর্মান্তিক ঘটনা ঘটল - সব নিয়েই তৈরি হয়েছে প্রচুর প্রশ্ন। উত্তর জানতে জোরকদমে শুরু হয়েছে তদন্ত। অরূপের পরিবারের সদস্যরা কিছু আঁচ করতে পারছে কিনা, তাঁরা এই বিষয়ে কিছু জানেন কিনা - তা জানতে ইতিমধ্যেই তাঁদের সঙ্গে কথা বলতে শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ এবং সময় জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে মিলবে আরও অনেক তথ্য। যুবকের রহস্যমৃত্যুর ঘটনার কিনারা করতে জোরকদমে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
