আবির দত্ত, কলকাতা : এবার বিস্ফোরণ খাস কলকাতায়। বিধানসভা ভোটের ঠিক আগে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতার ঘনবসতিপূর্ণ এলাকা। উড়ল বহুতলের ছাদ। সাতসকালে পাইকপাড়ায় পরপর বিস্ফোরণে ছড়াল আতঙ্ক। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির টিনের চাল উড়ে যায়। উড়ে যায় পাশের বহুতলের ছাদে।
বিস্ফোরণের ধাক্কায় পাশের বাড়ির টিনের ছাদও ভেঙে যায়। পরপর বিস্ফোরণের আওয়াজে এলাকায় কেঁপে ওঠে এলাকা। জানা গিয়েছে, বন্ধ থাকা স্থানীয় ক্লাবে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় ওই বাড়িতে। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ওই বাড়িতে কেউ বোমা রেখে গিয়েছিল। প্রোমোটিং বিবাদের কারণেই এখানে বোমা মজুত করা হয়েছিল বলেই অভিযোগ।
বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় ওই বাড়িটিতে। হাড়হিম করা বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ওই বাড়িতে কেউ বোমা রেখে গেছিল, অভিযোগ স্থানীয়দের। এলাকায় পৌঁছেছে বম্ব স্কোয়াড।
স্থানীয় এক বাসিন্দা জানালেন, 'দীর্ঘদিন এই ঘরটা বন্ধ ছিল। আগে এই ক্লাবে খেলাধুলো হত। ৫-৭ বছর হল বন্ধ আছে। আজকে হঠাৎ দেখি বিকট আওয়াজ। আমাদের ৭ তলার উপরে টিন উঠে গেছে। এই বাড়ির ৪ তলার উপরে টিন উঠে গেছে।' আরেকজন বাসিন্দা জানালেন, 'কিছু একটা বিস্ফোরণ হয়েছে। উঠে দেখি এখানে দাউদাউ করে আগুন জ্বলছে'। আরেক বাসিন্দা জানালেন, 'মারাত্মক জোরে আওয়াজ হয়। হার্টফেল করে ফেলার মতো অবস্থা। এসে দেখি প্রচন্ড ধোঁওয়া বেরোচ্ছে।'
তৃণমূল নেতা ও চেয়ারম্যান (১ নং বোরো, কলকাতা পুরসভা) তরুণ সাহা জানালেন, 'ঘটনা মনে হয় প্রথম শুনলাম। এত বছরে প্রথম শুনলাম। বাস্তবিকভাবে কেউ জোচ্চুরি করে এর মধ্যে রেখে গিয়েছিল নইলে তো হঠাৎ করে ফেটে যাওযার কোনও কারণ নেই। '
সবমিলিয়ে খাস কলকাতায় এমন ভয়াবহ বিস্ফোরণে আতঙ্কিত সকলে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রোমোটিং বিবাদের কারণে এই ঘটনা। কিন্তু সামনে ভোট। তার সঙ্গে কি এই বোমা মজুদ বা বিস্ফোরণের কোনও যোগ আছে? উঠছে প্রশ্ন।